কলকাতা: ভালবাসার কোনও নির্দিষ্ট লিঙ্গ হয় না। সমাজের বহু বাধা পেরিয়ে ফের সেই বার্তাই সামনে আনলেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) কাঁচরাপাড়ার (Kachrapara) দুই তরুণী। দীর্ঘ দিনের সম্পর্ককে স্বীকৃতি দিতে মন্দিরে বিয়ে করলেন তাঁরা (Kanchrapara same gender marriage)। আর সেই বিয়ের ছবি ও ভিডিয়ো ঘিরেই এখন জোর চর্চা সমাজমাধ্যমে (Viral LGBTQ wedding)।
স্থানীয় সূত্রে খবর, বহু দিন ধরেই সম্পর্কে ছিলেন ওই দুই তরুণী। প্রথমে বন্ধুত্ব, পরে ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। সমাজের কটাক্ষ, পারিবারিক চাপ, নানা বাধা এলেও একে অপরের হাত ছাড়েননি তাঁরা। অবশেষে পরিবারের একাংশের উপস্থিতিতেই কাঁচরাপাড়ার একটি মন্দিরে বিয়ের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: এক লক্ষের বেশি ভোটে ফলতায় জয়ী দেবাংশু পান্ডা
ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, লাল বেনারসি ও গয়নায় সাজা দুই কনে। গলায় মালাবদল, সিঁথিতে সিঁদুর, সব নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যেরাও। বিয়ের পর একে অপরকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় নবদম্পতিকে।
সমাজমাধ্যমে এই বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই তাঁদের সাহস এবং ভালবাসাকে কুর্নিশ জানিয়েছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। তবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়াই ছিল তাঁদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা।
২০১৮ সালে সমকামিতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেয় সুপ্রিম কোর্ট। যদিও ভারতে এখনও সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি মেলেনি। তবুও সমাজের চেনা গণ্ডি ভেঙে ভালবাসার উদযাপনে মেতেছেন এই যুগল।
