কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনকাণ্ডের তদন্তভার এবার হাতে নিল সিবিআই (CBI)। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, ভিনরাজ্যের যোগ সামনে আসায় এই মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে তিন জন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, তদন্তের জন্য ৭ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এই টিমের নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার অফিসার পঙ্কজ কুমার সিং। দিল্লি, পটনা, রাঁচি, ধানবাদ ও লখনউ থেকে অভিজ্ঞ অফিসারদের নিয়ে এই দল তৈরি হয়েছে। গোটা তদন্তে নজরদারির দায়িত্বে রয়েছেন কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর। প্রয়োজন হলে আরও অফিসার যুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
মধ্যমগ্রাম থানার পুলিশ এবং সিআইডির হাতে থাকা সমস্ত নথি ও তথ্য দ্রুত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, এই ঘটনায় আগেই সিবিআই তদন্তের দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেস।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনে মোট ৮ থেকে ৯ জন জড়িত থাকতে পারে। দু’টি বাইক এবং একটি গাড়ি ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে। এক বাইকে দু’জন এবং অন্য বাইকে তিনজন ছিল বলে তদন্তকারীদের দাবি।
খুনে ব্যবহৃত দু’টি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি অত্যন্ত আধুনিক এবং তার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকারও বেশি বলে সূত্রের খবর। গাড়ি, অস্ত্র, রেইকি এবং শার্প শুটার ভাড়া, সব মিলিয়ে এই খুনের পিছনে প্রায় এক কোটি টাকার বেশি খরচ হয়েছে বলেও অনুমান তদন্তকারীদের।
ইতিমধ্যেই বিহার ও উত্তরপ্রদেশ থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা চলছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজ সিং এখনও মুখ খোলেনি। যদিও অন্য দুই ধৃত মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে বলে দাবি তদন্তকারীদের। তবে এখনও পর্যন্ত কেউই নিজেদের ভূমিকার কথা স্পষ্টভাবে স্বীকার করেনি।
উল্লেখ্য, ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন পর, ৬ মে মধ্যমগ্রামের রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। খুব কাছ থেকে পরপর চার রাউন্ড গুলি চালানো হয়। বুকে, হাতে এবং পেটে গুলি লাগে তাঁর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে।
