উত্তর ২৪ পরগনা: বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2026) জয়ের রেশ কাটতে না কাটতেই উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) হিঙ্গলগঞ্জে (Hingalgunj) শুরু হল নতুন করে রাজনৈতিক সংঘাত। অভিযোগ, মঙ্গলবার সকালে বিশপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। শুধু তালাই নয়, কার্যালয়ে টাঙানো হয় গেরুয়া পতাকা ও ব্যানার। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ‘ছাপ্পা ভোট’ ও বুথ দখলের মাধ্যমে এই পঞ্চায়েত দখল করেছিল। তাদের অভিযোগ, সাধারণ ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, জোর করে ফল নিজেদের পক্ষে আনা হয়েছিল। পাশাপাশি পঞ্চায়েত পরিচালনায় দুর্নীতির অভিযোগও তুলেছেন তাঁরা। সেই কারণেই ‘প্রতিবাদ’ স্বরূপ পঞ্চায়েত কার্যালয়ে তালা দেওয়া হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।
আরও পড়ুন: দখল নয়, তৃণমূলকে পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি!
উল্লেখ্য, হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে সদ্য নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার পরদিনই এই ঘটনা রাজনৈতিক তাৎপর্য বাড়িয়েছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস দাস বলেন, “মানুষ রায় দিয়েছে, তাই বিজেপি জিতেছে। কিন্তু সেই কারণে এভাবে অত্যাচার করা মেনে নেওয়া যায় না। পঞ্চায়েতে তালা মারা হয়েছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, প্রশাসন নেবে।”
প্রসঙ্গত, ফল ঘোষণার পরই গ্রামস্তরে রাজনৈতিক টানাপোড়েন যে ক্রমশ বাড়ছে, হিঙ্গলগঞ্জের এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে।
