34 C
Kolkata

ত্বিষার মৃত্যুকাণ্ডে CBI তদন্তে সায় সুপ্রিম কোর্টের

Must Read

ওয়েব ডেস্ক: প্রাক্তন মডেল ও অভিনেত্রী ত্বিষা শর্মার (৩৩) রহস্যমৃত্যু মামলায় বড় মোড়। মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) হাতে তুলে দেওয়ার পক্ষে সায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার স্বতঃপ্রণোদিতভাবে মামলায় হস্তক্ষেপ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই স্বাধীন সংস্থার হাতে দায়িত্ব দেওয়া প্রয়োজন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, জনমানসে তৈরি হওয়া সন্দেহ ও ক্ষোভ দূর করতে সিবিআই তদন্তই এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। যদিও মধ্যপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি অনাস্থা প্রকাশ করেনি শীর্ষ আদালত।

আরও পড়ুন: প্রসেনজিতের হাতে পদ্মশ্রী তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

তবে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতার একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। তিনি আদালতে বলেন, “মৃত মেয়ের চেয়ে, সমাজ যা-ই বলুক না কেন, ডিভোর্সি মেয়ে অনেক ভালো।” এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকায় শ্বশুরবাড়ি থেকে ত্বিষার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড এবং পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলে পরিবার। অভিযোগ ওঠে, তদন্তে পক্ষপাত থাকতে পারে।

শুনানিতে প্রধান বিচারপতি উল্লেখ করেন, মিডিয়া রিপোর্টে যে প্রাতিষ্ঠানিক পক্ষপাতের আশঙ্কা তৈরি হয়েছে, তা জনমানসে অনাস্থা বাড়িয়েছে। সেই কারণেই স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে সিবিআই-এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

অন্যদিকে, আদালত সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট পক্ষগুলিকে সতর্ক করে জানিয়েছে, তদন্ত চলাকালীন কোনও রকম একতরফা মন্তব্য বা রায় দেওয়া থেকে বিরত থাকতে হবে। তদন্তকারী সংস্থার কাজকে প্রাধান্য দিতে হবে বলেও মন্তব্য করা হয়।

ত্বিষার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে AIIMS-এর বিশেষজ্ঞ দলের মাধ্যমে। পরিবারের অভিযোগ, শরীরে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও তা প্রথম রিপোর্টে উল্লেখ করা হয়নি। এখন সব নজর সিবিআই তদন্তের দিকেই।

Latest News

অভিষেকের তৈরি পোশাকে সাবেকি সাজে পদ্ম সম্মানের মঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ওয়েব ডেস্ক: সোমবার রাইসিনা হিলসে টলিউডের ‘ইন্ড্রাস্টি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) হাতে উঠল পদ্ম সম্মান (Padma Awards 2026)।বাংলা চলচ্চিত্র...

More Articles Like This