29.8 C
Kolkata

গ্রেফতারি চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুজিত, শুক্রবারই শুনানির সম্ভাবনা

Must Read

কলকাতা: জেলবন্দি অবস্থাতেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন তিনি। জানা গিয়েছে, বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে শুক্রবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হতে পারে।

রাজ্যে পালাবদলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা বাড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। অভিযোগ, অর্থের বিনিময়ে বেআইনি নিয়োগে তাঁর যোগ ছিল। বিশেষ করে দমদম পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে অনিয়মের অভিযোগ ওঠে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘গীতার বাণী গ্রহণ করে বাংলার গৌরব ফেরানোর প্রার্থনা’, মায়াপুরে ইসকনে আবেগঘন শুভেন্দু

গত ৬ এপ্রিল থেকে শুরু করে বিধানসভা ভোট চলাকালীন একাধিকবার ইডির তরফে হাজিরার নোটিস পাঠানো হয় তাঁকে। তবে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন সুজিত। আদালতের নির্দেশে ভোটপর্বে ইডির হাজিরা এড়িয়েছিলেন তিনি। পরে ভোট মিটতেই তদন্তে সহযোগিতা করতে হাজিরা দেন।

একাধিক দফায় জিজ্ঞাসাবাদের পর গত ১১ মে তাঁকে গ্রেফতার করে ইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তদন্তকারীদের দাবি, দমদম পুরসভায় শতাধিক চাকরিপ্রার্থীর নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল। সেই নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের আর্থিক লেনদেনও হয়েছে বলে সন্দেহ ইডির।

এই অভিযোগের সূত্র ধরেই সুজিত বসুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ একাধিক আর্থিক নথিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে নিজের গ্রেফতারিকে বেআইনি দাবি করে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা। এখন নজর শুক্রবারের সম্ভাব্য শুনানির দিকে।

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This