এবার ভাড়ায় গোটা টয়ট্রেন! পর্যটকদের জন্য নতুন চমক

0
34

ওয়েব ডেস্ক: দার্জিলিংয়ে (Darjeeling) টয়ট্রেন (Toy train) মানেই নস্ট্যালজিয়া। সেই পুরনো দিনের আবহ ফেরাতে বড় পদক্ষেপ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। বহু বছর পর পাহাড়ি রুটে ফের চালু হল ওয়াগন পরিষেবা। এবার চাইলে ভাড়ায় নেওয়া যাবে প্রায় গোটা টয়ট্রেনই! পর্যটকদের জন্য হতে চলেছে একেবারে অন্যরকম অভিজ্ঞতা।

DHR কর্তৃপক্ষ জানিয়েছে, তিনধারিয়া রেলওয়ে ওয়ার্কশপে ১৯৪০-এর দশকের দুটি পুরনো ওয়াগন সংস্কার করে সচল করা হয়েছে। এই ওয়াগনগুলিকে টানবে ১৯২৫ সালে তৈরি বাষ্পচালিত ইঞ্জিন। আগে যাত্রী পরিবহনের পাশাপাশি মালবাহী ওয়াগন টানার যে ঐতিহ্য ছিল, সেটিকেই ফের জীবিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ডাইনোসরের চামড়ার আদলে তৈরি হ্যান্ডব্যাগ! দাম শুনলে চমকে উঠবেন…

এই পরিষেবার বড় আকর্ষণ, পর্যটকরা চাইলে পুরো সেটআপ ‘চার্টার’ করতে পারবেন। একটি বাষ্পচালিত ইঞ্জিন, দু’টি পণ্যবাহী ওয়াগন এবং একটি খোলা ছাদযুক্ত কোচ, সব মিলিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দল এই বিশেষ যাত্রার স্বাদ নিতে পারবেন। ভাড়া ধরা হয়েছে আনুমানিক ৫০ হাজার টাকা।

গত ফেব্রুয়ারিতে দিল্লির আন্তর্জাতিক পর্যটন মেলায় এই পরিষেবার কথা জানানো হয়। সেখানেই ব্যাপক সাড়া মেলে। ইতিমধ্যেই এপ্রিল ও মে মাসের বুকিং পূর্ণ। ১ থেকে ৩ এপ্রিলের মধ্যে একদল জার্মান পর্যটক এই পরিষেবা ব্যবহার করেছেন। তারা তিনধারিয়া–রংটং, কার্শিয়ং–দার্জিলিং ও ঘুম–দার্জিলিং রুটে ভ্রমণ করেন।

উল্লেখ্য, ১৯৯০-এর দশকে প্রতিযোগিতার চাপে এই ওয়াগন পরিষেবা বন্ধ হয়ে যায়। ২০১১ সালে পুনরায় চালুর চেষ্টা হলেও তা সফল হয়নি। তবে এবার পর্যটনের চাহিদা মাথায় রেখে নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনধারিয়ায় আরও তিনটি ওয়াগন রয়েছে, চাহিদা বাড়লে সেগুলিও চালু করা হতে পারে। ঐতিহ্য আর অভিজ্ঞতার মেলবন্ধনে দার্জিলিঙের এই নতুন উদ্যোগ যে পর্যটকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here