কলকাতা: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি (Domestic Gas Price Hike) ঘিরে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানোর প্রতিবাদে আগামীকাল (LPG Price Hike), রবিবার পথে নামার ডাক দিলেন তিনি। ধর্মতলার ধরনা মঞ্চ (Dharmatala Dharna Mancha) থেকে এদিন কেন্দ্রের মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে মমতা জানান, প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষকে হাতা-খুন্তি নিয়ে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে। ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। নতুন দাম শনিবার থেকেই কার্যকর হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। ফলে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৯৯০ টাকা। এর জেরে হোটেল-রেস্তরাঁয় খাওয়ার খরচও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের হেঁসেলে এর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। খবর অনুযায়ী, দুটি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ব্যবধানও ২১ দিন করা হয়েছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এভাবে হঠাৎ গ্যাসের দাম বাড়ালে সাধারণ মানুষ কীভাবে সংসার চালাবে? আগে থেকে কেন বিষয়টি ভাবা হল না?” একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করে মমতা বলেন, “দেশ বেচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন?”
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার মিছিলের ডাক দিয়েছেন তিনি। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা পোশাক পরবেন। অন্যদিকে অংশগ্রহণকারীদের কালো পোশাক পরে আসার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মহিলাদের হাতে হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদে সামিল হওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করেই ফের পথে নামতে চলেছে রাজ্যের শাসকদল।
