24 C
Kolkata

ভুয়ো জব কার্ড থেকে নদী সংস্কারে কাটমানি! কোটি টাকার দুর্নীতির অভিযোগে তোলপাড় কাটোয়ার করুই পঞ্চায়েত

Must Read

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়া ১ (Katwa) নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েত ঘিরে সামনে এল একের পর এক বিস্ফোরক দুর্নীতির অভিযোগ। ভুয়ো জব কার্ড তৈরি, উপভোক্তাদের অজান্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ থেকে শুরু করে ব্রাহ্মণী নদী সংস্কারের টাকায় কাটমানি একাধিক অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি কাটোয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বহু গ্রামবাসী।

অভিযোগ, ২০১৬ সাল থেকেই এলাকায় বহু মানুষের নামে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়। পরে তাঁদের অজান্তেই একটি গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে সেখানে ১০০ দিনের কাজের টাকা ঢোকানো হত। অভিযোগ, পরে সেই টাকা তুলে নেওয়া হত প্রভাবশালীদের মাধ্যমে। চাঞ্চল্যকর দাবি, যাঁদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাঁদের অনেকেই গোটা বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না।

আরও পড়ুন: খড়দহে জলাশয় ভরাট করে নির্মাণের অভিযোগ!

এলাকাবাসীর আরও অভিযোগ, করুইয়ের উপর দিয়ে বয়ে যাওয়া ব্রাহ্মণী নদীর সংস্কারের জন্য প্রায় ৪০০ জন জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা করে পাঠানো হয়েছিল। কিন্তু সেই টাকার মধ্যে ১৫ হাজার টাকা স্থানীয় তৃণমূল নেতাদের হাতে তুলে দিতে বাধ্য করা হয় বলে দাবি। টাকা দিতে অস্বীকার করলে হুমকি, বাড়িতে হামলা, ভাঙচুর এবং শারীরিক হেনস্থার অভিযোগও উঠেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল এলাকায়। ফলে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। অভিযোগকারীদের একাংশের দাবি, তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতৃত্বের মদতেই চলত এই দুর্নীতি।

রাজনৈতিক পরিস্থিতির বদলের পর ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। প্রশাসনের কাছে তাঁদের একটাই দাবি নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় কাটোয়া মহকুমা।

Latest News

মন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে

দক্ষিণ দিনাজপুর: মন্দির নির্মাণ (Temple Building) না বিজেপির পার্টি অফিস (BJP Party Office) গড়ে তোলা হবে, তা নিয়ে বিজেপির...

More Articles Like This