সোনা পাপ্পু কাণ্ডে নগদ-সোনা মিলিয়ে ২ কোটির হদিস ইডির!

0
27

কলকাতা: সোনা পাপ্পু (Sona Pappu) মামলায় তল্লাশি চালিয়ে বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি-ED)। নগদ ও সোনা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সংস্থার সূত্রে খবর। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বিলাসবহুল গাড়ি ও একাধিক সম্পত্তির নথিপত্রও।

ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার প্রথম দফায় তল্লাশিতে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়। পরে আরও প্রায় ৮০ লক্ষ টাকা নগদ মিলেছে। পাশাপাশি সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার হওয়ার কথাও জানা গিয়েছে।

আরও পড়ুন: বৃষ্টি বিদায়, চড়ছে পারদ! কলকাতা-সহ ৮ জেলায় অস্বস্তিকর গরমের সতর্কতা

বুধবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় একযোগে অভিযান চালায় ইডি। দক্ষিণ কলকাতার কসবার ফার্ন রোডে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়ি ছিল সেই তালিকায়। এছাড়াও বালিগঞ্জ ও বেহালার বিভিন্ন জায়গাতেও তল্লাশি চালানো হয়। বেহালার এক ব্যবসায়ীর বাড়ি থেকেও এক কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে সোনা পাপ্পুর বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে। সেই মামলাগুলির ভিত্তিতেই গত কয়েক দিন ধরে তল্লাশি চালাচ্ছিল ইডি। অভিযোগ, দক্ষিণ কলকাতার কসবা-বালিগঞ্জ এলাকায় একাধিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তিনি এবং নির্মাণ সংস্থাগুলির কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলার সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে রাজনৈতিক মহলেও এই ঘটনা ঘিরে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, সোনা পাপ্পুর সঙ্গে তৃণমূলের কিছু নেতার ঘনিষ্ঠতা রয়েছে। যদিও তৃণমূলের একাংশ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

উল্লেখ্য, এই মামলার সূত্রে তৃণমূল নেতা দেবাশিস কুমারকেও সম্প্রতি জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। এরপরই সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here