ওয়েব ডেস্ক : মুম্বইয়ের শিবাজি পার্কে বড় জমায়েতের পর এবার দিল্লিতে নতুন আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি (CJP)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার রাতে ঘোষণা করেছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি হবে। তিনি এই কর্মসূচিকে শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে উল্লেখ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকা নাগরিকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে মুম্বইয়ের শিবাজি পার্কে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পুলিশ অনুমতি না দিলেও সেখানে জমায়েত হয়। সেই মঞ্চ থেকেই অভিজিৎ দীপকে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ‘যন্তর মন্তর ২.০’-এর হুঁশিয়ারি দিয়েছিলেন।
আরও খবর : প্রতিবাদে উত্তাল যন্তর মন্তর, সারাদিনে আটক ১১০০ বিরোধী!
ককরোচ জনতা পার্টির (CJP) অভিযোগের কেন্দ্রে রয়েছে ভোটার তালিকা সংশোধন এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া। দলের নেতারা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়ে একাধিক অভিযোগ তুলেছেন এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন। মুম্বইয়ের সভায় দীপকে দাবি করেন, গত দুই বছরে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার পরিবর্তনের প্রভাব নির্বাচনী ফলাফলে পড়েছে। নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সঙ্গে জানিয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি পূর্ণ কমিশনের সম্মতিতেই নেওয়া হয়েছে।
দীপকে আরও দাবি করেন, মহারাষ্ট্র থেকেই তাঁদের আন্দোলন শুরু করার কারণ হল ভোটার তালিকা নিয়ে কথিত অনিয়মের অভিযোগ সেখানে সামনে আসা। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী দিনে গোয়া, কলকাতা, পটনা ও বেঙ্গালুরু-সহ আরও কয়েকটি জায়গায় আন্দোলনের কর্মসূচি হতে পারে।
মুম্বইয়ের কর্মসূচিতে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি কয়েকজন পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং বিশাল দাদলানির মতো ব্যক্তিত্বদের উপস্থিতির কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ অক্টোবরের দিল্লির কর্মসূচি শান্তিপূর্ণভাবেই করা হবে। তবে সেই কর্মসূচির জন্য অনুমতি পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য নেই।
