শিবমের তাণ্ডব! নিয়মরক্ষার ম্যাচে ডাচদের ১৯৪ রানের টার্গেট দিল ভারত

0
2225

ওয়েব ডেস্ক: কলম্বোয় পাকিস্তানকে হারিয়ে সুপার-৮-এর টিকিট কনফার্ম করে ফুরফুরে মেজাজে আহমেদাবাদে ফিরেছিলেন সূর্য, হার্দিকরা। বুধবার ছিল নিয়মরক্ষার ম্যাচ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস (India Vs Netherlands)। টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) পরবর্তী পর্যায়ে খেলতে নামার আগে এই ম্যাচে আরেকবার সবটা ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার কাছে। অন্যদিকে নেদারল্যান্ডসের কাছে ছিল নিজেদের প্রমাণ করার সুযোগ। আর এই মঞ্চে অভিষেক, ঈশান ঝড় থামিয়ে ভারতকে ২০০ রানের আগেই রুখে দিলেন ডাচ বোলাররা।

বুধবারের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কোনওরকম চাপ ছাড়া অভিষেক শর্মাকে ফর্মে ফিরিয়ে আনার একটা মঞ্চ সেট করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ওপেনিংয়ে ফের হতাশ করলেন ছোটে শর্মা। এই নিয়ে তিন ম্যাচে কোনও রান না করেই আউট হলেন তিনি। ফলে সুপার-৮-এর আগে টি-২০ বিশ্বকাপে অভিষেকের খাতা খুললই না। এদিন ঈশান কিষানও মাত্র ১৮ রানে আউট হন। ৩৯ রানে দুই ওপেনার আউট হতেই তিলক, সূর্য- দুজনেই সাবধানে খেলা শুরু করেন। কিন্তু পার্টনারশিপ ৩০ রান হতেই তিলক সাজঘরে ফেরেন ৩১ রান করে। সূর্যও আউট হন ৩৪ রানে।

আরও পড়ুন: বিশ্বকাপ ট্রফির উপর পা রেখেই শুরু অধঃপতন! অহংকারের ফল ভুগছে অস্ট্রেলিয়া?

১৪তম ওভারের আগেই চার টপ-অর্ডার ব্যাটার আউট হন। দলের স্কোর তখন ১১০। ক্রিজে হার্দিকের সঙ্গে শিবম (Shivam Dube)। ঠিক এখান থেকেই টিম ইন্ডিয়ার ইনিংসের গতি খানিক বদলে যায়। না হার্দিক নয়, এদিন ঝড় ওঠে শিবমের ব্যাটে। মাত্র ৩১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় দলের এই তরুণ অলরাউন্ডার। অন্যদিকে, হার্দিক ২০ বলে ৩০ করে অপরাজিত থাকেন। শেষবেলায় রিঙ্কুর ব্যাট থেকে আসে ৬ রান। ২০ ওভারে ভারতের ইনিংস থামে ১৯৩ রানে।

তবে এই ম্যাচে নজর কাড়েন নেদারল্যান্ডসের অফ-স্পিনার আরিয়ান দত্ত (Aryan Dutt) । ভারতীয় বংশোদ্ভূত এই ডাচ বোলার এদিন ওভারপ্রতি মাত্র ৪.৭৫ রান দিয়ে তুলে নেন দুই গুরুত্বপূর্ণ উইকেট। অভিষেক শর্মা ও ঈশান কিষানকে আউট করেন আরিয়ান। এছাড়াও এদিন একজোড়া উইকেট পান ভ্যান বিক, কাইল ক্লেন নেন ১ উইকেট। এখন বুমরা, বরুণ, অর্শদীপের মতো বিশ্ববিখ্যাত বোলিং আক্রমণের সামনে ১৯৪ রান তাড়া করে নেদারল্যান্ডস যদি এই ম্যাচ জেতে, তাহলে এটা ডাচ দলের কাছে এবারের বিশ্বকাপের সেরা প্রাপ্তি হয়ে থেকে যাবে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here