কলকাতা: শিবরাত্রির দিনেই দেব ৫০ তম ছবির শুটিং শুরু করলেন। গত বছরেই নিজের জন্মদিনে দেব (Dev) জানিয়েছিলেন, তাঁর ক্যারিয়ারের ৫০ তম ছবি হতে চলেছে খুব স্পেশাল। এই ৫০ তম ছবি হিসেবে তিনি বেছে নিয়েছেন করিমুল হকের জীবনী, যার আদলে তৈরি হতে চলেছে বাইক এম্বুলেন্স দাদা (Bike Ambulance Dada)। দেব শুটিংয়ের ছবি শেয়ার করেছেন।

শুক্রবার ছবিটির শুভ মহরত সেরেছিলেন দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’। রবিবার নিজের পঞ্চাশতম ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং শুরু করলেন প্রযোজক-অভিনেতা দেব। নিজেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর জানিয়েছেন তারকা সাংসদ।একটি সাদা রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট পরে নিজের নতুন ছবির শুটিং শুরু করলেন তিনি। ছবি পোস্ট করে দেব লিখলেন, “#BAD কাজ শুরু। বাইক অ্যাম্বুল্যান্স দাদা।” অর্থাৎ আজ থেকেই শুরু হল শুটিং। ছবির পোস্টার রিলিজের পাশাপাশি অভিনেতা জানিয়েছিলেন ছবি মুক্তির তারিখ। আগামী ১৪ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে এই সিনেমাটি, জানিয়েছিলেন অভিনেতা নিজেই।
আরও পড়ুন: মহাশিবরাত্রিতে ভক্তিভাবে মেতেছে বি-টাউন!

ছবিটি পরিচালনা করছেন বিনয় মুদগিল। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং নন্দী মুভিজ। ছবিটি নিবেদন করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী। খুব সম্ভবত এই সিনেমাতেই দেবের সঙ্গে জুটি বাঁধবেন রুক্মিণী।প্রসঙ্গত, গতবছর ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব অভিনীত প্রজাপতি ২। চলতি বছরে তিনটি বিগ বাজেটের ছবি নিয়ে আসতে চলেছেন অভিনেতা।
