ওয়েব ডেস্ক: পৃথিবীতে কত রকমের সরীসৃপ (Reptiles) রয়েছে, তা এখনও জানা সম্ভব হয়নি। জীববৈচিত্রের এক জীবন্ত বিষ্ময় হল বিশ্বের এই বিশেষ প্রাণীকূল। কারণ শত্রুর চোখে ধুলো দিতে কিংবা শিকার ধরতে ছদ্মবেশ, অর্থাৎ ‘ক্যামোফ্লাজ’-এর জন্য সরীসৃপরা বেশ পরিচিত। তবে গ্রামবাংলার খাল-বিল বা পুকুরে দেখা মেলা জলঢোঁড়া সাপের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্য এতদিন তেমনভাবে নজরে আসেনি। কিন্তু এবার সেই ধারণাকেই বদলে দিল উত্তর-পূর্ব ভারতে আবিষ্কৃত দুই নতুন প্রজাতির কিলব্যাক সাপ (Keelback Snake)।
সম্প্রতি দেরাদুনের ওয়াইল্ডলাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার (Wildlife Institute of India) বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুই বিরল সাপের সন্ধান মিলেছে উত্তর-পূর্ব ভারতের ঘন জঙ্গলে। এর প্রথম প্রজাতিটি পাওয়া গিয়েছে নেংপুই অভয়ারণ্যে (Nengpui Wildlife Sanctuary)। এটি ‘রাখাইন কিলব্যাক’ নামে পরিচিত, কারণ এর আগে এই প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল মায়ানমারে।
আরও পড়ুন: অবিকল পৃথিবীর মতো! মহাকাশে ঘুরছে ৪৫টি রহস্যময় গ্রহ! চোখে পড়তেই চমকে উঠলেন বিজ্ঞানীরা
অন্যদিকে দ্বিতীয় প্রজাতির সাপটির খোঁজ মিলেছে নামদাফা ন্যাশনাল পার্কে (Namdapha National Park)। এই সাপটির নাম ‘কাচিন হিলস কিলব্যাক’। গবেষকদের মতে, এই দুই প্রজাতিই অত্যন্ত বিরল এবং আচরণগত দিক থেকেও প্রচলিত জলঢোঁড়া সাপের থেকে অনেকটাই আলাদা।
এই নতুন কিলব্যাক সাপগুলি বিষহীন এবং মূলত জলাভূমি ও জলাশয়ের আশপাশেই বাস করে। মাছ ও ছোট পোকামাকড় এদের প্রধান খাদ্য। তবে এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল নিখুঁত ছদ্মবেশ ধারণের ক্ষমতা। শরীরের হালকা লালচে, চকচকে ত্বক আলো প্রতিফলিত করে আশপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যায় যে, চোখের সামনে থাকলেও এদের দেখা প্রায় অসম্ভব হয়ে ওঠে। বিশেষ করে কাদা বা জলাভূমির মধ্যে এরা কার্যত অদৃশ্য হয়ে থাকতে পারে।
অন্যদিকে বাংলার গ্রামাঞ্চলে যেসব জলঢোঁড়া দেখা যায়, যেমন চেকার্ড কিলব্যাক (Checkered Keelback), সেগুলির গায়ে কালো-হলুদের চেকার্ড নকশা স্পষ্টভাবে দেখা যায়। তাই সেগুলি সহজেই চেনা যায় এবং সাধারণত ছদ্মবেশের উপর নির্ভরশীল নয়। বিজ্ঞানীদের মতে, উত্তর-পূর্ব ভারতের এই বিস্তীর্ণ বনাঞ্চল ও জলাভূমিতে এখনও বহু অজানা প্রজাতি লুকিয়ে থাকতে পারে। তাই এই অঞ্চলগুলিতে আরও বৃহৎ পরিসরে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর প্রয়োজন রয়েছে।
দেখুন আরও খবর:

