কলকাতা: ঝলমলে রোদ আর পরিষ্কার আকাশে শুরু হয়েছে রবিবাসরীয় সকাল। সাম্প্রতিক ঝড়-বৃষ্টির (Thunderstorm) দাপট কাটতেই রাজ্যে ফের বাড়তে শুরু করেছে গরমের প্রকোপ (Temperature Rise)। আকাশে মেঘের লেশমাত্র নেই, আর তার সঙ্গেই চড়চড়িয়ে উঠছে পারদ। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, রবিবার কলকাতার (Kolkata Weather) তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে ধীরে ধীরে বাড়বে গরমের অস্বস্তি। মঙ্গলবার থেকে গরমের দাপট আরও বাড়বে এবং চৈত্রের শেষভাগে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: চূড়ান্ত তালিকায় যোগ্যদের নাম জুড়ল কমিশন, বাদ যাওয়া ভোটারদের ভবিষ্যত কী?
এদিকে মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই দিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও বাকি জেলাগুলিতে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই গরমের দাপট বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে কোনও নির্দিষ্ট সতর্কতা নেই। তবে সোমবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। এই জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পাহাড়ি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেখুন আরও খবর:
