কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Legislative Assembly Election 2026) আগে বিজেপির (BJP) প্রার্থী তালিকা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় জায়গা পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
শুভেন্দু অধিকারী এবার লড়ছেন দুটি আসনে। নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী হয়েছেন তিনি। এই সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: ভোটের আগে তৃণমূলে চমক! দলে যোগ দিচ্ছেন ক্রিকেটার শিবশঙ্কর পাল
এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, একাধিক আসন থেকে প্রার্থী হওয়া নতুন কিছু নয়। তাঁর কথায়, “নরেন্দ্র মোদি দু’টি কেন্দ্র থেকে লড়েছেন। রাহুল গান্ধীও একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই এ ধরনের সিদ্ধান্তের নজির রয়েছে। দল ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে।”
এদিকে দিলীপ ঘোষ নিজে ফিরছেন তাঁর পুরনো খড়গপুর সদর কেন্দ্রে। সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে জল্পনা চলছিল, বিশেষত ২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে পরাজয়ের পর। তবে এবার পুরনো কেন্দ্রে প্রার্থী হওয়ায় তাঁর রাজনৈতিক ‘কামব্যাক’ হিসেবেই দেখছে একাংশ।
প্রথম দফার তালিকায় ৪১ জন বর্তমান বিধায়ককে ফের প্রার্থী করেছে বিজেপি। আবার ৮ জন বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রে আগের জয়ী প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে দল। ফলে নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে।
