কলকাতা: ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ (Kolkata Weather)। তারই মাঝে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক জেলায় ফের কালবৈশাখীর (Kalbaisakhi) পূর্বাভাস। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও (Rain Forecast) উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস (Weather Update)।
রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি শুরু হতে পারে। তবে ঝড়ের মূল দাপট দেখা যাবে মঙ্গলবার থেকে। কলকাতায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই সময় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আবহাওয়াবিদদের মতে, বুধবার ও বৃহস্পতিবার ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।
আরও পড়ুন: সোনা পাপ্পু কাণ্ড! কসবা থানার ওসি সাসপেন্ড
জেলার ক্ষেত্রে রবিবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। সোমবার সেই তালিকায় যুক্ত হবে হুগলি ও পূর্ব বর্ধমান। মঙ্গলবার থেকে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই ঝড়বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে।
শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায়। মঙ্গলবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারেও মঙ্গলবার ও বুধবার শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম দিকের শুষ্ক হাওয়া ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের মিলিত প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে গরমের মাঝে কিছুটা স্বস্তি মিললেও ঝড়ের দাপট নিয়ে সতর্ক থাকাই এখন বুদ্ধিমানের।

