ওয়েবডেস্ক- পশ্চিমবঙ্গে ভোট (West Bengal Election 2026) ঘোষণা হল আজ। বাংলায় দু দফায় ভোট হবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই জরুরি বৈঠকে বসল বঙ্গ বিজেপি (Bjp )। নেতৃত্বে রয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সুনীল বনশল সহ শুভেন্দু অধিকারী, ভূপেন্দ্র যাদব, সুনীল বনশল সহ অন্যান্যরা। ওয়েস্টিন হোটেলে এই বৈঠক হয়।
সূত্রের খবর, মঙ্গলবারই বিজেপির প্রথম তালিকা (Bjp First List) প্রকাশিত হতে পারে, তা একাধিক দফায় প্রকাশ করা হবে। প্রথম দফার তালিকায় ১৫৫ জন প্রার্থীর নাম থাকার সম্ভাবনা। আগামীকাল দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নেবেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ সুকান্ত মজুমদার। ওই বৈঠকের পরেই প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে বলে দলীয় সূত্রে খবর।
ভোট ঘোষণার পরেই সোমবার রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর।
আরও পড়ুন- ‘বিচারাধীন’রা কী ভোট দিতে পারবে? কী হবে তাদের? যা জানালেন জ্ঞানেশ কুমার
কমিশনের (Election Commission) সূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে দু’দফায় ভোট হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে, এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৪ মে। উল্লেখ্য, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে তিনি জানান, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই কমিশন দু’দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের মতে, বর্তমান পরিস্থিতিতে দুই দফাতেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। সম্প্রতি পশ্চিমবঙ্গে সফরে এসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। সেখানে বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল কম দফায় ভোটের দাবি তোলে। তাঁদের যুক্তি ছিল, বহু দফায় নির্বাচন হলে প্রচারের সময় অনেক দীর্ঘ হয়ে যায়। এর ফলে রাজনৈতিক দলগুলোর অর্থব্যয় ও শারীরিক পরিশ্রম বাড়ে, পাশাপাশি ভোটারদের কাছেও পুরো প্রক্রিয়াটি দীর্ঘ ও ক্লান্তিকর হয়ে ওঠে।
