“আবর্জনা তুলে প্রার্থী করেছে বিজেপি”, তালডাংরায় বিস্ফোরক অভিষেক

0
27

বাঁকুড়া: ভোটের প্রচার মঞ্চে ফের তীব্র ভাষায় বিজেপিকে (BJP) নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার তালডাংরায় (Taldangra) তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে সভা থেকে বিজেপি প্রার্থী শৌভিক পাত্রকে কড়া আক্রমণ শানালেন তিনি।

অভিষেকের অভিযোগ, “আমরা যেসব পচা মাল ফেলে দিই, বিজেপি তাঁদের মাথায় তুলে নেয়। এখানের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। একসময় আমাদের ছাত্র সংগঠনে ছিল, পরে আমরা সরিয়ে দিয়েছি। সেই আবর্জনাকেই তুলে এনে প্রার্থী করেছে বিজেপি।” পাশাপাশি তিনি আরও দাবি করেন, ওই প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যে উত্তপ্ত সোনারপুর দক্ষিণ, রূপা-লাভলীর বাকযুদ্ধ তুঙ্গে

বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “একদিকে আমাদের প্রার্থী একজন শিক্ষক, অন্যদিকে চোর-চিটিংবাজ। ভালো লোকেরা বিজেপি করে না, আমরা যাদের বর্জন করেছি, ওরা তাদের গ্রহণ করেছে।”

তালডাংরায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক। তাঁর কথায়, “ফাল্গুনী সিংহবাবুর পরিচিতি, দক্ষতা এবং মানুষের পাশে থাকার মানসিকতা সকলেই জানেন। তাঁর জয় এখন শুধু সময়ের অপেক্ষা।”

জয়ের পর এলাকার উন্নয়নের আশ্বাসও দেন তিনি। শিলাবতী নদীর উপর সেতু নির্মাণ এবং সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দেন অভিষেক। পাশাপাশি যেসব ব্লকে তৃণমূল পিছিয়ে রয়েছে, সেখানে জয়ের জন্য কর্মীদের আরও জোরদার প্রচারের বার্তাও দেন তিনি।

উল্লেখ্য, তালডাংরা কেন্দ্রে এবার তৃণমূলের ফাল্গুনী সিংহবাবু ও বিজেপির শৌভিক পাত্রের লড়াই ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here