ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের জল্পনার মধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের (Low Pressure) প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টির (Rain) সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে অবস্থানকারী নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও খবর : অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের
বৃহস্পতিবার থেকে শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হাওড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
