ওয়েব ডেস্ক : ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলন ঘিরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত দিল্লি (Delhi)। কড়া নিরাপত্তায় কার্যত দুর্গের চেহারা নিয়েছে রাজধানীর একাধিক এলাকা। এরই মধ্যে ভোটচুরির অভিযোগ তুলে দিল্লির সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই তাঁকে আটক করল দিল্লি পুলিশ বলে জানা গিয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে তৃণমূলের অন্যান্য নেতাদেরকেও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় উপস্থিত ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম এবং সাকেত গোখেল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্না তুলে নেওয়ার কথা বলে। কিন্তু তাতে রাজি হননি তৃণমূল নেত্রী। এরপরই তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয় বলে খবর। তাঁর সঙ্গে থাকা অন্য নেতাদেরও আটক করা হয়।
আরও খবর : দিল্লিতে আটক পিনারাই বিজয়ন-সহ একাধিক বাম নেতা, নিয়ে যাওয়া হয় ছত্রশাল স্টেডিয়ামে
প্রিজন ভ্যানে বসেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করেন মমতা (Mamata Banerjee)। সেখান থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের সরব হন তিনি। তৃণমূল নেত্রীর অভিযোগ, প্রথমে তাঁরা যন্তর মন্তরে যেতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি না মেলায় সিজেপির ডাকে সেই কর্মসূচিতে যোগ দেওয়া সম্ভব হয়নি। এরপর তাঁরা শান্তিপূর্ণভাবে বাড়ির সামনেই অবস্থান-বিক্ষোভ শুরু করেন। সেখান থেকেও তাঁদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা। লাইভে মমতা আরও অভিযোগ করেন, আটক করার পর তাঁদেরকে দিল্লির বিভিন্ন রাস্তায় তাঁদের ঘোরানো হয়েছে বলেও দাবি করেন তিনি। গাড়ির ভিতরে বসে দলের নেতা-কর্মীদের সঙ্গে গান গাইতেও দেখা যায় তৃণমূল নেত্রীকে। কখনও গাইলেন ‘জাগো দুর্গা’, কখনও আবার ‘আঁখো মে ভর লো পানি’।
মমতা আরও বলেছেন, “২ ঘণ্টা ধরে প্রিজন ভ্যানে আটকে রেখেছে। আটকও করেনি, গ্রেফতার করেনি। কিডন্যাপ করে রেখেছ। এখন হরিয়ানার সীমানায় নিয়ে গিয়েছে। এখানে হাওয়া নেই, বাতাস নেই পুরো জাল। পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ একাধিক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীকে আটক করার খবর সামনে এসেছে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
