ওয়েব ডেস্ক : পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে (Nirmal Ghosh) গ্রেফতার করল রাজ্য পুলিশ। ওড়িশা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আরজি কর কাণ্ডে (RG Kar Case) অভয়ার মৃতদেহ দ্রুত সৎকার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। একইসঙ্গে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
২০২৪ সালের আগস্টে আরজি কর (RG Kar Case) মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা গোটা রাজ্যে আলোড়ন ফেলেছিল। অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মৃতদেহ দ্রুত সৎকারের অভিযোগ নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মামলায় নির্মল ঘোষ-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করার কথা জানানো হয়েছিল।
আরও খবর : এনআরএস হাসপাতালে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! স্ত্রী রোগ বিভাগের শৌচালয় থেকে উদ্ধার দেহ
রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছিল, পানিহাটি শ্মশানে মৃতদেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগটি আলাদাভাবে তদন্ত করা হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারকে সেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি গোটা ঘটনার পুনর্তদন্তের কথাও জানানো হয়।
এদিকে, গত সোমবার অভয়ার বাবা খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। অভিযোগ, পরিবারের কারও সই ছাড়াই মৃতদেহ সৎকার করা হয়েছিল এবং সেই সময় প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। এর আগেই গত ১৩ জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার নির্মল ঘোষকে ওড়িশা থেকে আটক করা হল।
