ওয়েব ডেস্ক : দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধরপাকড়ের মধ্যেই আন্দোলনের দায়িত্ব নতুন হাতে তুলে দিলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke)। দলের শীর্ষ নেতৃত্ব আটক হওয়ার আশঙ্কা আগেই করেছিলেন তিনি। সেই কারণে শনিবার একটি আগাম রেকর্ড করা ভিডিয়ো প্রকাশ করে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব অজিঙ্ক শিন্ডের হাতে তুলে দেন অভিজিৎ।
দিল্লিতে পৌঁছনোর পর বিমান থেকে নামার আগেই অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ বলে অভিযোগ। মুম্বই থেকে দিল্লিগামী বিমানের ভিতরে পুলিশকর্মীরা প্রবেশ করে তাঁদের আটক করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতেই তাঁরা দিল্লি যাচ্ছিলেন। আটকের পর সিজেপির এক্স হ্যান্ডলে অভিজিতের আগাম রেকর্ড করা ভিডিয়োটি প্রকাশ করা হয়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, তাঁকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হলে আন্দোলনের দায়িত্ব অজিঙ্ক শিন্ডে সামলাবেন। সেই সঙ্গে দলের কর্মী-সমর্থকদের তাঁর নির্দেশ মেনে চলার আবেদন জানান অভিজিৎ।
আরও খবর : দিল্লিতে আটক পিনারাই বিজয়ন-সহ একাধিক বাম নেতা, নিয়ে যাওয়া হয় ছত্রশাল স্টেডিয়ামে
মহারাষ্ট্রের বাসিন্দা অজিঙ্ক শিন্ডে দীর্ঘদিন ধরেই অভিজিতের ঘনিষ্ঠ সহযোগী। এর আগে তিনি আম আদমি পার্টির মহারাষ্ট্র শাখার সোশ্যাল মিডিয়ার সমন্বয়কের দায়িত্বে ছিলেন। কর্পোরেট চাকরি ছেড়ে রাজনীতিতে পুরো সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। গোয়ার বিধানসভা নির্বাচনেও দলের হয়ে কাজ করেছিলেন অজিঙ্ক। পরে মহারাষ্ট্রে আপের সংগঠনের কাজের সঙ্গে যুক্ত হন। তাঁর বাড়ি মহারাষ্ট্রের উপকূলবর্তী আলিবাগে।
এদিকে, দিল্লিতে সিজেপির (CJP) বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। নির্ধারিত সময়ের যথেষ্ট আগে অনুমতি চাওয়া হয়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছিল। শনিবার সকাল থেকেই বিক্ষোভস্থলে যাওয়ার চেষ্টা করা একাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। ধ্রুব রাঠিকেও এদিন গুরুগ্রামে তাঁর বাড়ি থেকে আটক করার খবর সামনে আসে।
