ওয়েব ডেস্ক : সংসদীয় স্থায়ী কমিটির নতুন চেয়ারম্যানদের তালিকা প্রকাশ হতেই বদলে গেল সংসদের একাধিক কমিটির নেতৃত্ব। ২০২৬-২৭ সালের জন্য কমিটিগুলি পুনর্গঠন করেছেন রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই তালিকায় নজর কেড়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির থেকে এনসিপিআইয়ে (NCPI) যাওয়া কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) নতুন দায়িত্ব। রাসায়নিক ও সার সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাঁকে। এর আগে এই কমিটির দায়িত্বে ছিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর জায়গাতেই এবার দায়িত্ব পেলেন কাকলি।
অন্যদিকে বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান পদেও পরিবর্তন করা হয়েছে। তৃণমূলের দোলা সেনের জায়গায় দায়িত্ব পেয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী (Sudhanshu Trivedi)। ফলে তৃণমূলের হাতে থাকা দুটি গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বেই এবার বদল হল।
আরও খবর : নেসলের ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’ নিম্নমানের! বড় পদক্ষেপ FSSAI-এর
বাংলায় পালা বদলের পর এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ জন প্রাক্তন তৃণমূল সাংসদের সংসদীয় অবস্থানও এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি। তাঁদের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী বিষয়টি এখনও লোকসভার স্পিকারের কাছে বিচারাধীন। ৮ অক্টোবরের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
অর্থাৎ, একদিকে বিদ্রোহী সাংসদদের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত এখনও বাকি। তার মধ্যেই সেই শিবিরের কাকলি ঘোষ দস্তিদার ও সুধাংশু ত্রিবেদী পেলেন গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। ফলে সংসদে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
