ওয়েব ডেস্ক: নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে এলেন রোহিত শর্মা। দুর্দান্ত ব্যাটিং করছিলেন তিনি। গুয়াহাটির পর পঞ্জাবের মুলানপুর স্টেডিয়ামেও শতরানের দিকে এগোচ্ছিলেন। নিজের ৯২ রানের মাথায় কিমো পলের গুড লেন্থ ডেলিভারি পুল করতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ আউট হলেন। পুল শট তাঁর সবচেয়ে বড় অস্ত্র, সেই পুল শট করতে গিয়েই সেঞ্চুরি হাতছাড়া হল। ৯২ রান করতে ৮৫ বল নিয়েছেন রোহিত।
এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। গুয়াহাটিতে ছিল পাটা পিচ, কিন্তু মুলানপুরের উইকেটে সিম মুভমেন্ট হচ্ছিল। জেডন সিলসের বলে ১ রান করে কট বিহাইন্ড হলেন গিল। বিরাট কোহলি এলেন এবং প্রথম বলেই বোল্ড। সিলসের বল পিচে পড়ে ভিতরে ঢুকল এবং কোহলির ব্যাট আর প্যাডের ফাঁক গলে স্টাম্প উড়িয়ে দিল। মাত্র চার রানে দুই উইকেট হারিয়ে ভারত তখন বেকায়দায়।
আরও পড়ুন: টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত
ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে পার্টনারশিপ গড়লেন রোহিত। দুজনেই দেখেশুনে খেলছিলেন, যা সে সময় দরকার ছিল। পরের দিকে রানের গতি বাড়ান হিটম্যান। তবে নব্বইয়ের ঘরে পৌঁছে আর একটু সাবধানতা অবলম্বন করতে পারতেন তিনি। ওডিআইতে এ নিয়ে ছ’বার নব্বইয়ের ঘরে উইকেট দিলেন রোহিত। অবশ্য এটাই তাঁর খেলার ধরন।
রোহিত আউট হওয়ার পর গায়কোয়াড়ের সঙ্গ দিতে আসেন কে এল রাহুল। আগের দুটো ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি। আজ পেয়েছেন, এবং তিনি জানেন, এ সুযোগ হাতছাড়া কর যাবে না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ বোলিং করছেন জেডন সিলস। গিল এবং কোহলির পর গায়কোয়াড়কেও প্যাভিলিয়নে ফেরত পাঠালেন।
