ওয়েব ডেস্ক: ৩ অক্টোবর শনিবার আর পাঁচটা সাধারণ শনিবার নয়। খেলার দুনিয়ায় ভারতের জন্য ‘সুপার স্যাটারডে’। ক্রিকেট, ফুটবল এবং হকিতে ভারতের পুরুষ দলের মোট চারটে ম্যাচ রয়েছে আজ, তার মধ্যে তিনটে ব্লকবাস্টার। এর মধ্যে দুটি ক্রিকেট ম্যাচ, একটি ওডিআই, একটি টি-২০।
সকাল ১০টা থেকে রয়েছে এশিয়ান গেমসে ক্রিকেট ম্যাচ ফাইনাল, প্রতিপক্ষ চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে ভারতের টি-২০ দল সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলা দল সোনা জিতেছে, এবার পালা ছেলেদের।
দুপুর ২টোয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ। চারটে খেলার মধ্যে এটার গুরুত্বই সবথেকে কম। কারণ তিন ম্যাচের সিরিজে প্রথম দুটোই ভারত জিতে গিয়েছে, কাজেই সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে। তবে দলে আছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তাই নজর তো থাকবেই।
আরও পড়ুন: ৪৪ বছরের ভূত ছাড়ল! এশিয়াডে সোনা জয় মহিলা হকি দলের
দুপুর ৩:৩০ থেকে এশিয়ান গেমসে পুরুষ দলের হকি ফাইনাল, প্রতিপক্ষ মালয়েশিয়া। সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৪-৩ ফলে হারিয়েছে হরমনপ্রীত সিংয়ের দল। প্রথমে ৩-০ এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করে ভারত। খেলা শেষ হওয়ার ৫০ সেকেন্ড আগে জয়সূচক গোল করেন অভিষেক। ভারতের মেয়েদের হকি দল শুক্রবার সোনা জিতেছে, এবার পালা ছেলেদের।
আর সবশেষে ভারতের ফুটবল ম্যাচ। প্রীতি ম্যাচ হলেও এটা স্পেশ্যাল, কারণ ভারতের প্রতিপক্ষ ব্রাজিল। বিশ্ব ফুটবলের মঞ্চে সর্বকালের অন্যতম সেরা ফুটবল খেলিয়ে দেশের বিরুদ্ধে ভারত কী করবে তা দেখার অপেক্ষায় কোটি কোটি মানুষ। পানামার বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেলে ১-১ ড্র করায় রায়ান উইলিয়ামসদের উপর প্রতাশ্যা বেড়ে গিয়েছে। আজ ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাদের বিরুদ্ধে কী করেন তাঁরা সেটাই দেখার।
