ওয়েব ডেস্ক : ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket ODI World Cup 2027) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় বসবে বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ। ২ অক্টোবর নামিবিয়ায় তিন দলের সুপার সিরিজ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। এরপর ৭ অক্টোবর থেকে শুরু হবে মূল গ্রুপ পর্ব। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।
বিশ্বকাপের মূল পর্বে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং একটি বাছাই করা দল। ‘বি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ এবং আরও একটি বাছাই করা দল।
ভারতের (Team India) বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ অক্টোবর। কেপটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পর ফের এক বিশ্বকাপের শুরুতেই মুখোমুখি হতে চলেছে দুই দল। এরপরই রয়েছে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। ১০ অক্টোবর জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফলে বিশ্বকাপের শুরুতেই পরপর অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো দুই শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। ভারতের তৃতীয় ম্যাচ ১৪ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে। এরপর ১৭ অক্টোবর কোয়ালিফায়ার ‘এ’ তে থাকা একটি বাছাই করা দলের বিরুদ্ধে খেলবে ভারত (India)। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ২৪ অক্টোবর। ভিক্টোরিয়া ফলসের নতুন মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ম্যাচ হবে।
আরও খবর : সুমিত নাগালের হারে এশিয়ান গেমসে পদক-শূন্য ভারতীয় টেনিস
এবারের বিশ্বকাপে থাকছে নতুন ধরনের প্রতিযোগিতা কাঠামো। গ্রুপ পর্বের দুই গ্রুপের প্রথম তিনটি দল সরাসরি পরের পর্বে যাবে। দুই গ্রুপে চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে যে দল বেশি পয়েন্ট পাবে, তারাও জায়গা করে নেবে। মোট সাতটি দলকে নিয়ে হবে এই পরবর্তী পর্ব। এই পর্বে গ্রুপ পর্বের কোনও পয়েন্ট থাকবে না। ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিটি দল ছ’টি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হবে ১৭ নভেম্বর কেপটাউনে। দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর ত্শওয়ানে। দুই সেমিফাইনালের জন্যই রাখা হয়েছে অতিরিক্ত একটি দিন। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল। প্রয়োজনে ২২ নভেম্বর ফাইনালের জন্য অতিরিক্ত দিন হিসেবে রাখা হয়েছে।
এদিকে মূল বিশ্বকাপ (ICC World Cup 2027) শুরুর আগে নামিবিয়ায় হবে তিন দলের সুপার সিরিজ। ২, ৪ ও ৬ অক্টোবরের তিন ম্যাচের পর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে। সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপের শুরুতেই ভারতের সামনে একের পর এক বড় পরীক্ষা। ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ১০ অক্টোবর পাকিস্তান এবং ১৪ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান জমজমাট হতে চলেছে।
