ঝড়বৃষ্টির পর মাঠে পড়ে ৩ হাতির দেহ! ছিঁড়ে পড়া হাইটেনশন তারেই কি মৃত্যু মা ও ২ শাবকের?

Must Read

শালবনি: মাঠের মধ্যে পাশাপাশি পড়ে রয়েছে তিনটি হাতির দেহ। তাদের মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং দু’টি হস্তিশাবক। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনির পিড়াকাটা রেঞ্জের হাড়তলা এলাকায় এই দৃশ্য নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। প্রাথমিক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তিন হাতির মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। কী ভাবে একই সঙ্গে তিনটি হাতির মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডিএফও জোন্স জাস্টিন-সহ বন দফতরের আধিকারিকদের।

যে চাষের জমিতে হাতিগুলির দেহ পড়ে রয়েছে, তার উপর দিয়ে একটি হাইটেনশন বিদ্যুৎ সংযোগের তার গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই ওই এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিতে হাইটেনশন তার ছিঁড়ে জমিতে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক অনুমান, রাতে দু’টি শাবককে সঙ্গে নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিল মা হাতিটি। সেই সময় কোনও ভাবে বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনটিরই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। বিদ্যুৎ সংস্থার পরিকাঠামোর কোনও ত্রুটি ছিল কি না, সেটিও তদন্তের বিষয়।

সকালে চাষের কাজে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারাই প্রথম হাতিগুলির দেহ দেখতে পান। এরপর বন দফতরে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিগুলির পরিস্থিতি খতিয়ে দেখছেন আধিকারিকরা।

একসঙ্গে মা হাতি এবং দু’টি শাবকের মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমেছে এলাকায়। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রাথমিক অনুমান তদন্তের পরই নিশ্চিত হবে। বন দফতরের আধিকারিকরা ঘটনার কারণ খতিয়ে দেখছেন।

Latest News

এশিয়ান গেমসের দশম দিনে ৮টি পদক ভারতের, হল ইতিহাস  

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের দশম দিনে (২৮ সেপ্টেম্বর) আটটি পদক জিতল ভারত। এর মধ্যে অ্যাথলেটিক্সে এল ছ’টি পদক। নাগোয়ায়...

More Articles Like This