ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর পরেই রাজ্যে পুরভোটের (Municipal Election) বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। কলকাতা, হাওড়া-সহ সাতটি পুরসভায় নভেম্বরের শেষদিকে ভোট হওয়ার কথা। পুরভোটের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। তারপরই জানিয়ে দেন, পুজোর পরই অক্টোবরের শেষে পুরভোটের নোটিফিকেশন জারি হবে। বৈঠকে ভোটকর্মী, গণনাকেন্দ্র এবং ইভিএম পরিবহণ নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কৃষ্ণ গুপ্ত জানান, আগামী সপ্তাহ থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতে ইভিএম পাঠানোর কাজ শুরু হবে। ৬ অক্টোবর আসন সংরক্ষণের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হবে। কলকাতা ও হাওড়া পুরনিগমের ক্ষেত্রে ৭ অক্টোবর এবং অন্য পুরসভাগুলির ক্ষেত্রে ৬ অক্টোবর ফর্ম বি প্রকাশের দিন নির্ধারিত হয়েছে।
আরও খবর : রাজ্যের ‘অ্যান্টি-গুন্ডা’ বিল ফেরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সংশোধনের পথে সরকার
প্রথম দফায় কলকাতা, হাওড়া, বালি, কালিম্পং, কার্শিয়াং, ধূপগুড়ি এবং হলদিয়া পুরসভায় ভোট হওয়ার কথা। কলকাতা ও হাওড়া পুরনিগমের আইন সংশোধনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, ধূপগুড়ি, হলদিয়া ও ঝাড়গ্রাম পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজও সম্পূর্ণ হয়েছে। আসন সংরক্ষণের প্রক্রিয়া বর্তমানে চলছে।
ভোটার তালিকা তৈরির কাজও নির্দিষ্ট সময়সীমা মেনে এগোবে। ১ জুলাই ২০২৬ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা অক্টোবরের প্রথম সপ্তাহে গ্রহণ করা হবে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন।
