ওয়েব ডেস্ক : নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্যে পুরভোটের (Municipal Election) সম্ভাবনা। কলকাতা-সহ সাতটি পুরসভায় ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, ২৭ অথবা ২৮ অক্টোবর ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। সেই পরিকল্পনা অনুযায়ী ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।
ভোটের তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং পুরসভা। এই সাত পুরসভায় মোট ৬৩০১টি বুথে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটের প্রস্তুতি নিয়ে শুক্রবার সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। ওই বৈঠকে ভোট পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ভোটের আগে ইভিএম সরবরাহের কাজেও গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতে ইভিএম পৌঁছে দেওয়ার কাজ শুরু হতে পারে।
আরও খবর : ২০৩৫-এর মধ্যে বাংলায় ১ লক্ষ কোটি বিনিয়োগ, বড় ঘোষণা গৌতম আদানির
রাজ্যের একাধিক পুরসভায় দীর্ঘদিন ধরে নির্বাচিত পুরবোর্ড নেই। বর্তমানে ১২টি জেলার ১৫টি পুরসভায় প্রশাসকদের মাধ্যমে পরিষেবা পরিচালিত হচ্ছে। হাওড়া পুরসভায় শেষ বার ভোট হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হলেও এখনও সেখানে নির্বাচন হয়নি।
এদিকে আগামী বছরের শুরুতে আরও ১১২টি পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে নির্বাচন বাকি থাকা পুরসভা এবং মেয়াদ শেষ হতে চলা পুরসভাগুলিকে মিলিয়ে আগামী ন’মাসে মোট ১২৭টি পুরসভায় ভোট সম্পন্ন করতে হবে কমিশনকে।
