ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ব্যাপক বিক্রির চাপে পড়ল ভারতীয় শেয়ার বাজার (Indian Share Market)। দিনের শেষে সেনসেক্স (Sensex) ১,২৪৭ পয়েন্ট বা ১.৬৭ শতাংশ কমে ৭৩,৫৮০ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, নিফটি (Nifty) ৩৮৪ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ পড়ে ২৩,০৬৩ পয়েন্টে নেমে যায়। বাজারের পতনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক সংস্থাগুলির শেয়ার।
বাজারে (Share Market) পতনের অন্যতম কারণ মার্কিন বন্ডের সুদ বৃদ্ধি। ১০ বছরের মার্কিন ট্রেজারি বন্ডের সুদ প্রায় ৫.১১ শতাংশে পৌঁছেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। সুদের হার দীর্ঘ সময় বেশি থাকতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর ফলে উদীয়মান বাজারগুলিতে বিদেশি বিনিয়োগের উপর চাপ তৈরি হতে পারে।
আরও খবর : ১ অক্টোবর থেকে গ্যাসের নিয়মে বড় বদল, আধার বায়োমেট্রিক না করলে মিলবে না ভর্তুকি
অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের উপরে উঠে যাওয়াও ভারতের বাজারে চাপ বাড়িয়েছে। তেলের দাম বৃদ্ধি ভারতের আমদানি খরচ, মূল্যবৃদ্ধি, টাকার দরের উপর চাপ এবং সংস্থাগুলির উৎপাদন খরচ বাড়াতে পারে। যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
এর পাশাপাশি ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে উত্তেজনা বাজারের অনিশ্চয়তা বাড়িয়েছে। বিমা সংস্থার কমিশন ও ডিস্ট্রিবিউশন পেমেন্ট সংক্রান্ত নিয়ন্ত্রক প্রস্তাবের পর আর্থিক সংস্থাগুলির শেয়ারেও বিক্রি বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে অপরিশোধিত তেলের দাম, মার্কিন বন্ডের সুদ, বিদেশি বিনিয়োগ এবং টাকার দরের গতিবিধি বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
