কলকাতা: পুজোর ছুটি (Puja Vacation) শুরু হওয়ার আগেই বৈঠক চায় সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের কথা উল্লেখ করে এ বার প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে চিঠি পাঠাল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। সোমবার ই-মেলের মাধ্যমে ওই চিঠি পাঠানো হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
চিঠিতে দ্রুত বৈঠকের দিনক্ষণ ঠিক করার আবেদন করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, প্রস্তাবিত বৈঠকে যোগ দেওয়ার জন্য তাঁদের সমন্বয়ককে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তাই আগে থেকে সময় নির্ধারণ করা প্রয়োজন। পুজোর ছুটি শুরু হওয়ার আগেই বৈঠক হলে সংশ্লিষ্ট সব পক্ষের সুবিধা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১২ সেপ্টেম্বর দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) এবং অনুদান সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে আলোচনার জন্য বৈঠকটি প্রস্তাব করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে রাজ্যের অর্থ দফতরের আইনি সেলের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তা স্থগিত করা হয়।
বৈঠক স্থগিত হওয়ার পর পরবর্তী দিনক্ষণ এখনও জানানো হয়নি বলে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। সেই কারণেই এ বার প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার কাছে দ্রুত বৈঠকের আবেদন জানানো হয়েছে।
সংগঠনের তরফে পাঠানো ই-মেলে চন্দ্রশেখর এ চকলাব্বি, অভিজিৎ উপাধ্যায়, বিক্রম বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্ট কয়েক জনকেও রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
চিঠিতে মূলত আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য দ্রুত আলোচনায় বসার উপর জোর দেওয়া হয়েছে। তবে বৈঠকের নতুন দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
পুজোর আগে এই বৈঠক আদৌ হয় কি না, এখন সে দিকেই নজর রাজ্য সরকারি কর্মীদের। ডিএ-সহ বকেয়া পাওনা এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে সংগ্রামী যৌথ মঞ্চ।
