নয়াদিল্লি: দিল্লির ভোটার (Delhi Vote) তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে নতুন করে চর্চা। নির্বাচন কমিশনার (Election Commission) সুখবীর সিং সান্ধু থেকে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর—একাধিক পরিচিত ব্যক্তির নামে SIR-সংক্রান্ত নোটিস জারি হয়েছে। একই তালিকায় রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।
তবে নির্বাচন কমিশনের বক্তব্য, নোটিস পাওয়া মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নয়। ভোটারদের নথিতে পুরনো ভোটার তালিকার তথ্যের সঙ্গে অসঙ্গতি বা ‘ম্যাপিং’ না মেলার মতো বিষয় ধরা পড়ার পর এই নোটিস দেওয়া হয়েছে। নোটিস পাওয়া প্রত্যেককে নিজের বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
প্রতিবেদন অনুযায়ী, আডবাণী ও তাঁর পরিবারের কয়েক জনের নাম ২০০২ সালের SIR তালিকার সঙ্গে ম্যাপ করা যায়নি। জয়শঙ্কর ও তাঁর স্ত্রীকেও ‘unmapped with last SIR’ বিভাগে নোটিস দেওয়া হয়েছে। অন্য দিকে, সান্ধুর ক্ষেত্রে তাঁর নিজের নামের তথ্যের অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছে। ধনখড় ও তাঁর স্ত্রীকেও নোটিস দেওয়া হয়েছে।
বিদেশ সচিব বিক্রম মিশ্রি, প্রাক্তন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, SEBI চেয়ারম্যান তুহিনকান্ত পাণ্ডে, প্রাক্তন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং CBI ডিরেক্টর প্রবীণ সুদ-সহ আরও একাধিক শীর্ষ আধিকারিকের নামও নোটিসের তালিকায় রয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ক্ষেত্রেও বয়স-সংক্রান্ত তথ্যের অসঙ্গতি ধরা পড়েছিল। তবে পরে তাঁর নথি যাচাই করে তথ্য বৈধ বলে মেনে নেওয়া হয়েছে এবং চূড়ান্ত তালিকায় তাঁর নাম রাখার সিদ্ধান্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় শুনানি ও নথি যাচাই ছাড়া কোনও ভোটারের নাম চূড়ান্ত ভাবে বাদ দেওয়া হবে না। এই প্রক্রিয়ার পর ৪ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা।
