‘ভাল কাজ করলে বকশিশ দিতে দোষ নেই’! সরকারি আধিকারিকদের টাকা দেওয়া নিয়ে কর্নাটকের মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক

Must Read

বেঙ্গালুরু: সরকারি আধিকারিক সময়মতো কাজ করে দিলে তাঁকে ‘বকশিশ’ বা সম্মান হিসেবে টাকা দেওয়া যেতে পারে! কর্নাটকের (Karnataka) আবগারি মন্ত্রী কে এম শিবালিঙ্গে গৌড়ার এমন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। হাসান জেলার একটি জনঅভিযোগ শুনানি কর্মসূচিতে তাঁর এই বক্তব্যের পরই উপস্থিত কয়েক জন আপত্তি জানান। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী বিজেপিও।

ভাইরাল হওয়া ভিডিয়োয় মন্ত্রীকে বলতে শোনা যায়, আধিকারিকরা তাঁদের দায়িত্ব ঠিক ভাবে পালন করলে তাঁদের ‘টিপ’ বা ‘সম্মান’ হিসেবে কিছু দেওয়া নিয়ে আপত্তি নেই। তাঁর বক্তব্যের পরই সভায় উপস্থিত কয়েক জন প্রশ্ন তোলেন, সরকারি কর্মীরা বেতন পাওয়ার পরেও সাধারণ মানুষকে কেন তাঁদের টাকা দিতে হবে। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

এর পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন শিবালিঙ্গে গৌড়া। তাঁর দাবি, সরকারি আধিকারিকেরা জোর করে টাকা আদায় করবেন—এমন কথা তিনি বলেননি। বরং এক ব্যক্তি আধিকারিকদের টাকা চাওয়ার অভিযোগ জানানোর পর তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগকারীকে টাকা না দেওয়ার কথা জানিয়েছিলেন। কাজ শেষ হওয়ার পর কৃতজ্ঞতা জানানো যেতে পারে—এই অর্থেই তাঁর মন্তব্য ছিল বলে দাবি মন্ত্রীর।

পরে মন্ত্রী আরও দাবি করেন, তাঁর বক্তব্যের একটি অংশ কেটে ছড়ানো হয়েছে এবং তিনি মূলত কাজ করা আধিকারিকদের প্রতি সম্মান দেখানোর কথা বলেছিলেন।

এদিকে মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের নেতারা অভিযোগ করেছেন, এই ধরনের বক্তব্য ঘুষ দেওয়ার বিষয়টিকে স্বাভাবিক করে তুলতে পারে। বিজেপি বিধায়ক সিটি রবিও সমাজমাধ্যমে মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন।

বিতর্কের মধ্যেই এক সমাজকর্মী কর্নাটকের রাজ্যপালের কাছে অভিযোগও জানিয়েছেন। সেখানে মন্ত্রীর বক্তব্য দুর্নীতিকে উৎসাহিত করতে পারে বলে অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। তবে ওই অভিযোগের ভিত্তিতে কোনও অপরাধ প্রমাণিত হয়েছে—এমন তথ্য এখনও নেই।

Latest News

৩৮০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ওড়িশার শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে ছাত্র আন্দোলনে সৌরভের CJP

ওয়েব ডেস্ক: স্কুলের পাঠ্যবইয়ে একাধিক ভুলের অভিযোগকে কেন্দ্র করে ওড়িশায় (Odisha) চলা ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি...

More Articles Like This