ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে। আর দেখা যাবে না, এবার তাঁর জায়গা নিতে চলেছেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান। বেশ কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে জল্পনা চলছিল। এবার তার অবসান ঘটল, ফ্র্যাঞ্চাইজি থেকেই জাহিরের নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
চেন্নাইয়ের হেড কোচের পদে ১৭ বছর ধরে ছিলেন ফ্লেমিং। এই ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল-এর অন্যতম সফল করে তুলতে তাঁর অবদান কম নয়। প্রাক্তন তারকা পেসারের তাই দায়িত্ব অনেক। জাহির বাঁ-হাতে বোলিং করতেন। সিএসকে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাই লেখা হল, “লেফট আর্ম টেকিং ওভার।”
আরও পড়ুন: জাপান ম্যাচ ও এশিয়ান গেমসের দল ঘোষণা করল ভারত
অর্থাৎ বাঁ-হাত দায়িত্ব তুলে নিচ্ছে। সঙ্গে লেখা হয়েছে, চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে জাহির খানকে স্বাগত। তাঁর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আবার কাজ করবেন জাহির। ধোনি পরের মরসুমে খেলবেন কি না নিশ্চয়তা নেই। তবে না খেললেও হলুদ শিবিরের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ থাকবেই।
কোচ হয়ে এসে জাহিরের প্রথম বড় কাজ দল গঠন। ২০২৮ সালের মেগা নিলামে কাকে কাকে নেওয়া হবে, কাকে ছাড়া হবে তা নিয়ে বেশ মাথা ঘামাতে হবে তাঁকে। প্রসঙ্গত, সিএসকে-র কোচের পদে আসার জন্য নাম শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়, এয়ন মর্গ্যানের। গত সপ্তাহে মাইকেল হাসির নাম নিয়েও জল্পনা ওঠে। শেষ পর্যন্ত জাহিরেই আস্থা রাখল ধোনির দল।
