ওয়েব ডেস্ক : নতুন সদস্যের আগমনে আনন্দে ভাসছে অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) পরিবার। রবিবার সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন সোহিনী। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট পায়ের ছাপের ছবি শেয়ার করে সুখবর জানিয়েছেন তারকা দম্পতি। পোস্টে লেখা, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’
২০২৪ সালে ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে একটি বাগানবাড়িতে সাত পাকে বাঁধা পড়েছিলেন শোভন ও সোহিনী। পাশাপাশি আইনি বিবাহও সেরেছিলেন তাঁরা। তার আগে বেশ কিছুদিন ধরে সম্পর্কে ছিলেন এই তারকা জুটি। যদিও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি তাঁরা। পরে সকলের অলক্ষ্যে নতুন জীবন শুরু করেন শোভন ও সোহিনী।
আরও খবর : ক্যাটরিনার ওজন নিয়ে ট্রোলিংয়েও ক্ষুব্ধ সলমন, মঞ্চে টুপি-জ্যাকেট খুলে দিলেন কড়া বার্তা
অন্তঃসত্ত্বা হওয়ার সময়ও কাজ চালিয়ে গিয়েছিলেন সোহিনী সরকার। জানা যায়, সেই সময়ে ‘বহুরূপী ২’-এর শুটিং করছিলেন অভিনেত্রী। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে শুটিংয়ের কাজ শেষ করেন তিনি। বিভিন্ন অনুষ্ঠান এবং সাক্ষাৎকারেও তাঁকে দেখা গিয়েছিল। জীবনের নতুন অধ্যায় নিয়ে একাধিকবার নিজের আনন্দের কথা জানিয়েছিলেন অভিনেত্রী।অবশেষে সেই অপেক্ষার অবসান। শোভন-সোহিনীর পরিবারে এল ছোট্ট পুত্রসন্তান।
গতকালই খুশির খবর পেয়েছে বলিউড। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর রণবীর সিংহের (Ranveer Singh) কোলে এসেছে, দ্বিতীয় কন্যাসন্তান। এর একদিন পরেই টলিউডে এল খুশির খবর।
