ওয়েব ডেস্ক: দ্বি-ভাষা নীতিতে (Two Language Policy) অনড় রইল তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government)। হিন্দি ভাষা (Hindi) নিয়ে তাদের ‘মানসিকতা’ পুনর্বিবেচনা করতে বলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এও বলা হয়েছিল, তামিলনাড়ুর মাটিতে হিন্দি ভাষা শেখানো হবে না, এমন অবস্থান সরকার নিতে পারে না। তা সত্ত্বেও জওহর নবোদয়া বিদ্যালয়গুলির জন্য জমি দিতে রাজি হল না বিজয়ের সরকার।
আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতে স্কুল শিক্ষা মন্ত্রী তথা টিভিকে (TVK) নেতা রাজমোহন আরুমুগাম বলেছেন যে, তামিলনাড়ু তার দ্বি-ভাষা নীতিতে অটল থাকবে এবং নবোদয় বিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ করবে না।
শিক্ষামন্ত্রী বলেন, “তামিলনাড়ুর ক্ষেত্রে বলতে গেলে, দ্বি-ভাষা নীতি অতীতেও ছিল এবং বর্তমানেও তা অব্যাহত রয়েছে। মডেল স্কুলগুলোতে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং আমরা সিবিএসই (CBSE) স্কুলগুলোর জন্য জমি দিচ্ছি না। আমরা দ্বিভাষিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন: কেরিয়ার নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল, শিক্ষার্থীর আত্মহত্যায় বিবৃতি আইআইটি বম্বের
তিনি জোর দিয়ে বলেন যে, শুনানিপর্বে সুপ্রিম কোর্টের করা মন্তব্যগুলো কোনও চূড়ান্ত রায় ছিল না। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, রাজ্য সরকার হিন্দি বা অন্য কোনো ভাষার বিরোধী নয়, বরং তারা তামিল ভাষাকে রক্ষা করতে চাইছে। এ প্রসঙ্গে রাজমোহন বলেন, “বিচারপতি নাগারত্ন তাঁর মতামত দিয়েছেন, তা কোনও নির্দেশ নয়। আমরা হিন্দি বা অন্য কোনও ভাষার বিরোধী নই। কিন্তু এই মাটিতে তামিল ভাষাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত।
এদিকে, বিরোধী দলনেতা ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন রাজ্যের দ্বি-ভাষা নীতিতে অটল থাকার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি, রাজ্যে কেন্দ্রীয়ভাবে পরিচালিত নবোদয় বিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে প্রস্তাব পাশের লক্ষ্যে প্রয়োজনে তামিলনাড়ু বিধানসভার বিশেষ অধিবেশন ডাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
