কলকাতা: পুজোর আগে ফের বদলাতে পারে বাংলার আবহাওয়া। বর্ষা বিদায়ের সময় ঘনিয়ে এলেও নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি শক্তি বাড়িয়ে ওড়িশা-অন্ধ্র উপকূলের দিকে এগোতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয় (Weather Update)।
এই সিস্টেমের প্রভাবে সেপ্টেম্বরের শেষ দিকে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস। আপাতত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়ায় কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শনিবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। মঙ্গলবার ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের হলুদ সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া হতে পারে।
অর্থাৎ, নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কি না এখনই নিশ্চিত নয়। তবে পুজোর আগে বঙ্গোপসাগরের এই নতুন পরিস্থিতির দিকে নজর রাখছে হাওয়া অফিস।
