এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতর! দমকলের নোটিস খারিজ, নতুন করে পরিদর্শনের নির্দেশ হাই কোর্টের

Must Read

কলকাতা: আপাতত ক্যামাক স্ট্রিটের দফতর খালি করতে হচ্ছে না তৃণমূলকে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দমকল বিভাগের দেওয়া অফিস খালি করার নোটিস খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, নতুন করে দমকলকে নোটিস দিতে হবে এবং ফের অফিসটি পরিদর্শন করতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তী পরিদর্শনের দিন-তারিখ নোটিসে উল্লেখ করতে হবে। পাশাপাশি ক্যামাক স্ট্রিটের অফিসে অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে কী কী ঘাটতি রয়েছে এবং সেগুলি পূরণ করতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা তৃণমূলকে জানাতে হবে দমকলকে। সেই নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে দলকে। ভবিষ্যতে নিরাপত্তা বিধি না মানা হলে দমকল আইন অনুযায়ী ফের ব্যবস্থা নিতে পারবে।

এর আগে ৪ সেপ্টেম্বর দমকল বিভাগ অফিস খালি করার নোটিস দিয়েছিল। সেখানে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত একাধিক ঘাটতির কথা উল্লেখ করা হয়েছিল। নোটিসের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। ১১ সেপ্টেম্বর বিচারপতি রাও ওই নোটিস কার্যকর করার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। বুধবার মামলার পরবর্তী শুনানিতে নোটিসটিই খারিজ করা হল।

৯, ক্যামাক স্ট্রিটের ভবনের সংশ্লিষ্ট তলায় তৃণমূলের দফতর রয়েছে। সেখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দমকলের আপত্তি তৈরি হয়েছিল। দমকলের তরফে ভবনের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথাও আদালতে জানানো হয়েছিল। অন্য দিকে, তৃণমূলের আইনজীবী দাবি করেন, নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে দল প্রস্তুত।

এ বার আদালতের নির্দেশে নতুন করে পরিদর্শনের পরেই পরবর্তী পদক্ষেপ করবে দমকল। ফলে আপাতত অফিস খালি করার আগের নির্দেশ কার্যকর হচ্ছে না।

Latest News

২০২৭-এই ভারতে আসতে পারে দেশীয় ডেঙ্গুর টিকা! এক ডোজেই চার ধরনের ভাইরাসের বিরুদ্ধে লড়াই

ওয়েব ডেস্ক : ডেঙ্গু (Dengue) মোকাবিলায় বড় পদক্ষেপ ভারতের। দেশেই তৈরি ডেঙ্গুর টিকা ‘ডেঙ্গিঅল’ (DengiAll) আগামী বছর বাজারে আসতে...

More Articles Like This