ওয়েব ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত বিকাশ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন প্রযুক্তি দুনিয়ার একাধিক শীর্ষ ব্যক্তিত্ব। অ্যানথ্রপিকের (Anthropic) প্রধান দারিও আমোডেই (Dario Amodei) এআই উন্নয়নের গতি কিছুটা কমিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তাঁর এই অবস্থানকে সমর্থন করেছেন টেসলার প্রধান ইলন মাস্ক (Elon Musk) এবং ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান (Sam Altman)।
‘উই মাস্ট পেস দ্য ফ্রন্টিয়ার’ শীর্ষক একটি প্রবন্ধে আমোডেই দাবি করেছেন, গত গ্রীষ্মের পর থেকে এআই প্রযুক্তির অগ্রগতি অত্যন্ত দ্রুত হয়েছে। বর্তমান গতিতে উন্নয়ন চলতে থাকলে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেই এআই এমন ক্ষমতা অর্জন করতে পারে, যার মাধ্যমে ইন্টারনেট দখলের মতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আমোডেই জানিয়েছেন, এআই শিল্পকে ভারসাম্যপূর্ণ গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রয়োজন। তাঁর মতে, উন্নয়নের গতি কিছুটা কমিয়ে যদি আরও এক বা দুই বছর সময় পাওয়া যায়। সেই সময় নিরাপদ ও নিয়ন্ত্রিত এআই তৈরির প্রযুক্তি উন্নত করা যায়, তাহলে বড় ধরনের বিপদের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
আরও খবর : জাভা সাগরে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ, ১০৩ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ১৪০
আমোডেইয়ের প্রস্তাবকে সমর্থন করে ইলন মাস্ক (Elon Musk) সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, দারিও ঠিক কথাই বলেছেন। অন্যদিকে স্যাম অল্টম্যান জানান, এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করা নিয়ে ওপেনএআই-এ সাম্প্রতিক সপ্তাহগুলিতে আলোচনা হয়েছে। স্বাধীন মূল্যায়নকারীদের কর্পোরেট নিরাপত্তা ব্যবস্থায় কর্মীদের মতো প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাবকেও তিনি সমর্থন করেছেন।
এর আগে অ্যানথ্রপিক জানিয়েছিল, তাদের প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলা, নজরদারি এবং জৈব অস্ত্র তৈরিতে সহায়ক কাজের মতো ক্ষতিকর কর্মকাণ্ড ঠেকানো হয়েছে। এদিকে অ্যানথ্রপিকের গবেষক জ্যাকব কক্সনের পদত্যাগও এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
