ওয়েব ডেস্ক : এলপিজি সিলিন্ডার বুকিংয়ের (LPG Cylinder Booking) নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার (Central Government)। এতদিন গ্রামীণ এলাকার গৃহস্থালির গ্রাহকদের একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করতে ৪৫ দিন অপেক্ষা করতে হত। এবার সেই অপেক্ষার সময় কমিয়ে ২৫ দিন করা হয়েছে।
নতুন নিয়মে শহর ও গ্রামের মধ্যে আর কোনও ভেদাভেদ থাকছে না। দেশের সমস্ত গৃহস্থালির এলপিজি (LPG) গ্রাহকের জন্য একই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ একটি সিলিন্ডার হাতে পাওয়ার ২৫ দিন পরেই পরবর্তী সিলিন্ডারের জন্য বুকিং করা যাবে।
আরও খবর : ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের
এই পরিবর্তন দ্রুত দেশজুড়ে কার্যকর করার জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বড় পরিবার বা যৌথ পরিবারে রান্নার গ্যাসের ব্যবহার বেশি হওয়ায় ৪৫ দিনের ব্যবধান নিয়ে সমস্যায় পড়তে হত অনেক গ্রাহককে। নতুন নিয়মে সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সংঘাতের সময় দেশে এলপিজি (LPG) সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছিল। গ্যাসের কৃত্রিম সংকট এবং অতিরিক্ত মজুত ঠেকাতে তখন বুকিংয়ের ক্ষেত্রে ৪৫ দিনের বিধিনিষেধ আনা হয়েছিল। বর্তমানে দেশে এবং আন্তর্জাতিক বাজারে LPG সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হয়েছে।
এর পাশাপাশি এলপিজি (LPG) সিলিন্ডারের জন্য অপেক্ষায় থাকা গ্রাহকের সংখ্যাও কমেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই গৃহস্থালির গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বুকিংয়ের ব্যবধান কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের জন্য ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম হয়েছে ২৭৪৭ টাকা ৫০ পয়সা।৪৫ দিনের অপেক্ষা শেষ! LPG সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন কেন্দ্রের
