ওয়েব ডেস্ক : তৃণমূল থেকে রাতারাতি এনসিপিআই (NCPI)-এ যাওয়া ২০ জন সাংসদকে (MPs) লোকসভার স্পিকারের সচিবালয়ের পাঠানো নোটিসের জবাব দেওয়ার সময়সীমা মঙ্গলবার শেষ হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিয়ে প্রত্যেকেই আরও সময় চেয়ে আবেদন করেছেন বলে খবর। ইমেল মারফত আবেদন পাঠানোর পাশাপাশি স্পিডপোস্টেও একই বক্তব্যের চিঠি পাঠানো হচ্ছে বলে খবর।
গত ২৬ অগস্ট ওই ২০ সাংসদকে নোটিস পাঠানো হয়েছিল। সাত দিনের মধ্যে তাঁদের বক্তব্য জানাতে বলা হয়। মূলত, সাংসদদের বিরুদ্ধে দলবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সাংসদপদ খারিজের আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিযোগ, লোকসভার খাতায় তাঁরা তৃণমূল সাংসদ হলেও রাজনৈতিক ভাবে তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-এর সঙ্গে রয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বৈঠকে তাঁদের উপস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা হয়েছে।
আরও খবর : সেনা ব্যারাক ভেঙে AK সিরিজের রাইফেল-সহ বিপুল অস্ত্র চুরি! চাঞ্চল্য
এদিকে, সুপ্রিম কোর্টেও (Supreme Court) বিষয়টি গড়িয়েছে। ২০ সাংসদের সাংসদপদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তির দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ অগস্ট মামলাটির শুনানি হয়। ওই মামলাতে আদালতও ওই সাংসদদের বক্তব্য জানতে চেয়েছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ফের শুনানি হওয়ার কথা। এর পরেই সাংসসদের কাছে জবাব চেয়ে নোটিস পাঠিয়েছিল লোকসভার সচিবালয়।
কিন্তু এই পরিস্থিতিতে স্পিকারের নোটিসের জবাব দেওয়ার জন্য বাড়তি সময় চাইলেন ২০ সাংসদ। তাঁদের মধ্যে কোচবিহারের জগদীশচন্দ্র বসুনিয়া, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং মুর্শিদাবাদের আবু তাহের খান অতিরিক্ত সময় চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
