সরকারি দফতরের কর্মী ঘাটতি মেটাতে বড় উদ্যোগ, এক বছরের মধ্যে জরুরি শূন্যপদে নিয়োগের পথে নবান্ন

Must Read

ওয়েব ডেস্ক : সরকারি দফতরে দীর্ঘদিন ধরে জমে থাকা শূন্যপদ নিয়ে বড়সড় পদক্ষেপের পথে রাজ্য সরকার (West bengal Government)। আগামী এক বছরের মধ্যে কোন কোন পদে নিয়োগ জরুরি, সেই তালিকা তৈরি করে বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক দফতরগুলিকে। এই বিষয়ে দ্রুত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে।

রাজ্যস্তরের ম্যানপাওয়ার র‍্যাশনালাইজেশন কমিটির বৈঠকের আগে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোন দফতরে মোট কতগুলি পদ খালি, তার মধ্যে কতগুলি পদ দ্রুত পূরণ করা দরকার এবং আগামী এক বছরের মধ্যে কোন পদগুলিতে নিয়োগ প্রয়োজন—সেই হিসাবই জানতে চাওয়া হয়েছে।

আরও খবর : সরকারি দফতরেই ‘জনতার দরবার’, সপ্তাহে ২ দিন সরাসরি মানুষের অভিযোগ শুনবেন আধিকারিকরা, জানাল নবান্ন

নবান্ন সূত্রে জানা গিয়েছে, নিজেদের কাজের পরিধি এবং প্রয়োজন অনুযায়ী শূন্যপদের তালিকা তৈরি করবে প্রতিটি প্রশাসনিক দফতর। তবে একসঙ্গে সমস্ত খালি পদ পূরণের পথে না গিয়ে আপাতত সবচেয়ে প্রয়োজনীয় পদগুলিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মী ঘাটতির কারণে বেশ কিছু দফতরে কাজের চাপ বাড়ছে বলে প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে।

কর্মীর অভাবে কোথাও দৈনন্দিন প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, আবার কোথাও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে কোন দফতরে কত সংখ্যক কর্মী প্রয়োজন, বর্তমানে কত পদ খালি এবং কোথায় দ্রুত নিয়োগ দরকার—সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ম্যানপাওয়ার র‍্যাশনালাইজেশন কমিটির ( Manpower Rationalisation committee) বৈঠকে দফতরগুলির পাঠানো প্রস্তাবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় কর্মীর সংখ্যা ও খালি পদের হিসাবের পাশাপাশি কোথাও প্রয়োজনের তুলনায় কর্মী বেশি রয়েছে কি না, সেটিও পর্যালোচনা করা হতে পারে। আগামী মঙ্গলবারের মধ্যে দফতরগুলিকে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। এরপর কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগের পরবর্তী পরিকল্পনা ঠিক করবে রাজ্য।

Latest News

পকসো-সহ একাধিক ধারায় মামলা, CJP-এর বিক্ষোভের পর গ্রেফতার স্বতন্ত্র ভারদ্বাজ! বুলন্দশহর থেকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র...

More Articles Like This