ওয়েব ডেস্ক : ভারতের মহাকাশ অভিযানে বড়সড় মাইলফলকের অপেক্ষা। আগামী চার মাসের মধ্যেই গগনযান কর্মসূচির প্রথম মানবহীন মিশন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। আহমেদাবাদে তৃতীয় জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন (Dr V Narayanan )। তাঁর দাবি, গগনযান প্রকল্পের ৮ হাজারেরও বেশি পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
ডঃ ভি নারায়ণন জানিয়েছেন, গগনযান প্রকল্পে মোট তিনটি মানবহীন মিশন চালানোর পরিকল্পনা রয়েছে। তার পরেই হবে মানববাহী মিশন। মানবহীন পরীক্ষায় রকেটে (Rocket) কোনও মহাকাশচারী থাকবেন না। মূলত রকেট, ক্রু মডিউল, জীবনধারণের ব্যবস্থা এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসার প্রযুক্তি পরীক্ষা করতেই এই মিশনগুলি চালানো হবে।
আরও খবর : রাখিবন্ধনে মহিলাদের জন্য বড় ঘোষণা যোগী সরকারের
চলতি অর্থবর্ষে ১২টি উপগ্রহ তৈরি এবং আটটি উৎক্ষেপণ মিশনের লক্ষ্য নিয়েছে ইসরো। যোগাযোগ, নেভিগেশন, পৃথিবী পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি ভবিষ্যতের মানব মহাকাশযাত্রার জন্যও এই মিশনগুলি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চন্দ্রযান-৪, চন্দ্রযান-৫ এবং শুক্রগ্রহে অভিযান নিয়েও এগোচ্ছে ভারত (India)। ২০৩৫ সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্যও রয়েছে ইসরোর।
ইসরো চেয়ারম্যানের কথায়, গত কয়েক দশকে ভারতীয় মহাকাশ গবেষণা অনেকটাই এগিয়েছে। একসময় সাইকেল ও গরুর গাড়িতে করে রকেটের যন্ত্রাংশ নিয়ে যাওয়ার সময় থেকে আজ চাঁদ, শুক্র এবং মঙ্গল অভিযানের পরিকল্পনা করছে ভারত। দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে ২০৪০ সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। গগনযানের প্রথম মানবহীন মিশনের সাফল্য সেই বড় লক্ষ্যের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।
