কলকাতা: ফের গ্যাসের দামে স্বস্তি সাধারণ মানুষের (LPG Price Hike)। জুলাইয়ের পর আগস্টেও কমেছে LPG সিলিন্ডারের দাম। বিশেষ করে ৫ কেজি এবং ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তবে ১৪ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি (LPG Cylinder Price)।
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কিছুটা কাটার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। পাশাপাশি দেশে অপরিশোধিত তেল আমদানিতেও আপাতত কোনও বড় বাধা নেই। এর প্রভাবেই টানা দু’মাস LPG-এর দামে স্বস্তি মিলেছে বলে জানা যাচ্ছে।
বছরের শুরু থেকে জুন পর্যন্ত অবশ্য গ্যাসের দাম ছিল ঊর্ধ্বমুখী। জানুয়ারি থেকে জুনের মধ্যে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম একটানা বেড়েছিল। ফেব্রুয়ারিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৪০.৫০ টাকা। জুনে সেই দাম বেড়ে দাঁড়ায় ৩১১৩.৫০ টাকা। অর্থাৎ কয়েক মাসের মধ্যেই দাম বেড়েছিল ১৩০০ টাকারও বেশি।
আরও খবর : নিউ মার্কেটের ‘শিখা ইন’-এর মালিক গ্রেফতার, ধানবাদ থেকে ফিরে বেহালার বাড়িতেই গ্রেফতার বীরেশ্বর
এরপর ধীরে ধীরে দাম কমতে শুরু করে। আগস্টে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমেছে। বর্তমানে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৮৭২.৫০ টাকা। অন্যদিকে দিল্লিতে একই সিলিন্ডারের দাম কমেছে ২০২ টাকা। সেখানে বর্তমানে দাম ২৭২৮ টাকা।
পাশাপাশি আগস্টে কমেছে ৫ কেজির ফ্রি ট্রেড LPG-এর দামও। দিল্লিতে জুলাই মাসে ৫ কেজির সিলিন্ডারের দাম ছিল ৮০৮.৫০ টাকা। আগস্টে তা কমে হয়েছে ৭৬২ টাকা। তবে সাধারণ পরিবারের রান্নায় ব্যবহৃত ১৪ কেজির LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। আগস্টে দিল্লিতে ১৪ কেজির রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা এবং চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।
অর্থাৎ, বাণিজ্যিক LPG সিলিন্ডারের ক্ষেত্রে পরপর দু’মাস দাম কমলেও সাধারণ পরিবারের ব্যবহৃত ১৪ কেজির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি। ফলে কলকাতায় গৃহস্থালির LPG সিলিন্ডার কিনতে এখনও ৯৬৪ টাকা খরচ করতে হবে।
