27.2 C
Kolkata

নিট-বিতর্কের আবহে ফের প্রশ্নফাঁসের অভিযোগ, উত্তরাখণ্ডে দু’টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাতিল

Must Read

ওয়েব ডেস্ক: নিট (NEET) প্রশ্নফাঁসকে (Paper Leak) ঘিরে দেশজুড়ে যখন ছাত্র আন্দোলন তুঙ্গে, সেই আবহেই ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল উত্তরাখণ্ডে (Uttarakhand)। অভিযোগের জেরে দেহরাদুনের (Dehradun) বীর মাধো সিংহ ভান্ডারী উত্তরাখণ্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউটিইউ) একটি সেমেস্টারের দু’টি বিষয়ের পরীক্ষা বাতিল করেছে। ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই কড়া পদক্ষেপও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ‘মেশিন লার্নিং  ফর ইন্টারনেট অফ থিংস’ এবং ‘ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থিয়োরি’, এই দুই বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার আগেই বাইরে চলে যাওয়ার অভিযোগ ওঠে। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, বাইরের এক প্রশ্নপ্রণেতা অধ্যাপকই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে প্রায় ৫০টি প্রশ্ন পাঠিয়েছিলেন। পরে দেখা যায়, সেই প্রশ্নগুলির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে।

আরও পড়ুন: যন্তর মন্তরে বিক্ষোভের মাঝেই মোদির বড় ঘোষণা, প্রশ্নফাঁস মামলার বিচারে তৈরি হয়েছে ফাস্ট ট্র্যাক আদালত

অভিযোগের ভিত্তিতে গত ১০ জুলাই তদন্ত কমিটি গঠন করা হয়। ১৩ জুলাই তদন্ত রিপোর্ট জমা পড়ার পর অভিযুক্ত অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আগামী সাত বছর তাঁকে বিশ্ববিদ্যালয়ের কোনও পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বে রাখা হবে না বলেও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া দু’টি বিষয়ের পরীক্ষা আগামী অগস্টের তৃতীয় সপ্তাহে নতুন করে নেওয়া হবে। সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানকে দ্রুত পরীক্ষার্থীদের এই সিদ্ধান্ত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উত্তরাখণ্ডে এর আগেও সরকারি নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ সামনে এসেছে। ২০২৩ সালে ইউকেপিএসসি-র পাটোয়ারি ও অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষাও একই কারণে বাতিল করতে হয়েছিল। এরপর প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন প্রণয়ন করে রাজ্য সরকার। তবে সাম্প্রতিক এই ঘটনা ফের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

Latest News

লন্ডনের পাঁচতারা হোটেলে সৌদি রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক: সৌদি রাজপরিবারের সদস্য ২৯ বছরের প্রিন্স আবদুল্লা বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জালাউই আল সৌদের...

More Articles Like This