26.6 C
Kolkata

মারাঠি না জানলে মুম্বইয়ে অটো-ট্যাক্সি নয়! চালকদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মহারাষ্ট্র সরকারের

Must Read

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) অটো, ট্যাক্সি ও ক্যাব চালকদের জন্য নয়া নিয়ম। এবার থেকে রাজ্যে গাড়ি চালাতে হলে জানতে হবে মারাঠি ভাষা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ চালানোর মতো মারাঠি শিখতে না পারলে বাতিল হতে পারে চালকের লাইসেন্স। এমনই কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

রাজ্যের পরিবহণমন্ত্রী প্রতাপ সার্নিক জানিয়েছেন, যে সমস্ত অটো ও ট্যাক্সি চালক এখনও মারাঠি ভাষায় স্বচ্ছন্দ নন, তাঁদের আগামী ১৬ আগস্টের মধ্যে স্থানীয় ভাষা শেখার সুযোগ দেওয়া হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার ৪৫০ জন শিক্ষক নিয়োগ করেছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আকাশ-জল-স্থল জুড়ে কড়া নজরদারি পুরীতে

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে মারাঠি শেখার প্রমাণ দিতে না পারলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল করতে পারবেন আরটিও আধিকারিকরা। শুধু পুরনো চালকরাই নন, নতুন করে অটো, ট্যাক্সি বা ক্যাব চালানোর লাইসেন্স পেতে গেলেও মারাঠি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এর পাশাপাশি বাইক ট্যাক্সি পরিষেবাতেও নতুন নিয়ম চালু হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে মহারাষ্ট্রে বাইক ট্যাক্সি চালাতে হলে প্রয়োজন হবে ডোমিসাইল সার্টিফিকেট। তবে যাঁরা টানা ১৫ বছর ধরে মহারাষ্ট্রে বসবাস করছেন, তাঁরা ভিনরাজ্যের হলেও এই পরিষেবা চালানোর অনুমতি পেতে পারেন।

মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনকে সামনে রেখে মারাঠি অস্মিতার বিষয়টি ফের আলোচনায় এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মারাঠি মানুষের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দাবি শাসক শিবিরের।

তবে বিরোধীদের প্রশ্ন, মুম্বইয়ের মতো বহুভাষিক শহরে বহু ভিনরাজ্যের মানুষ অটো, ট্যাক্সি ও ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের যুক্তি, স্থানীয় ভাষা জানা থাকলে যাত্রীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে এবং পরিষেবার মান বাড়বে। যদিও নতুন এই নিয়ম কার্যকর হলে পরিবহণ ক্ষেত্রে এর প্রভাব কতটা পড়ে, সেটাই এখন দেখার।

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This