ওয়েব ডেস্ক: টেলিভিশন (Television) অভিনেত্রী জেসমিন ভাসিন ‘টার্মিনাল আইলাইটিস’ (Terminal Ileitis)-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই এই রোগ নিয়ে কৌতূহল বেড়েছে। চিকিৎসকদের মতে, এটি ক্ষুদ্রান্ত্রের (Small Intestine) শেষ অংশ, অর্থাৎ টার্মিনাল আইলিয়ামে (Terminal Ileum) প্রদাহ বা সংক্রমণজনিত একটি সমস্যা। এই অংশ থেকেই শরীর ভিটামিন বি১২ এবং পিত্ত অ্যাসিড শোষণ করে। ফলে সেখানে প্রদাহ দেখা দিলে পুষ্টি শোষণে বাধা সৃষ্টি হয় এবং নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টার্মিনাল আইলাইটিস মানেই যে ক্রোনস ডিজিজ (Crohn’s Disease), এমন নয়। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যেমন সালমোনেলা, ইয়ারসিনিয়া বা ক্যাম্পাইলোব্যাক্টার, অন্ত্রের যক্ষ্মা (Intestinal Tuberculosis), দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ (NSAIDs) সেবন, অন্ত্রে রক্ত সঞ্চালন কমে যাওয়া অথবা অটোইমিউন রোগের কারণেও এই সমস্যা হতে পারে।
রোগটির প্রধান লক্ষণের মধ্যে রয়েছে পেটের ডানদিকের নীচের অংশে তীব্র ব্যথা, ঘন ঘন ডায়রিয়া, দুর্বলতা, ক্লান্তি, হালকা জ্বর এবং মলের সঙ্গে রক্ত পড়া। এসব উপসর্গ দীর্ঘদিন থাকলে দ্রুত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসায় দেরি হলে অন্ত্রে আলসার, রক্তপাত, অন্ত্র সরু হয়ে যাওয়া (Stricture) বা ফিস্টুলার মতো জটিলতা তৈরি হতে পারে। গুরুতর ক্ষেত্রে অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, অন্ত্র সুস্থ রাখতে ওমেগা-৩ সমৃদ্ধ খাবার, সহজপাচ্য সবজি, পর্যাপ্ত প্রোটিন, পাকা কলা, পেঁপে ও টক দই খাদ্যতালিকায় রাখা উপকারী। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন না করাই শ্রেয়।
