31.8 C
Kolkata

ডিম-টমেটো নিক্ষেপ রুখতে হাইকোর্টে জনস্বার্থ মামলা, শুনানি ২২ জুন

Must Read

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীকে লক্ষ্য করে ডিম ও টমেটো নিক্ষেপের ঘটনা বেড়েই চলেছে। এই ধরনের ঘটনা বন্ধে পুলিশ যথাযথ পদক্ষেপ করছে না বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছে।

আইনজীবী অতীন্দ্র চৌধুরী দায়ের করা মামলাটি প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে জমা পড়েছে। আগামী ২২ জুন মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

আবেদনকারীর দাবি, রাজনৈতিক মতভেদ থাকলেও কোনও ব্যক্তি বা জনপ্রতিনিধিকে প্রকাশ্যে অপমান করার উদ্দেশ্যে ডিম বা টমেটো নিক্ষেপ করা সংবিধানসম্মত আচরণ নয়। এ ধরনের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের এবং কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

আরও পড়ুন: রেড রোড হবে যোগা দিবস, ‘বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূলের একাধিক নেতা-নেত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। সোনারপুরে দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম নিক্ষেপের মুখে পড়েন। একইভাবে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ-সহ আরও কয়েকজন নেতার ক্ষেত্রেও এমন ঘটনার অভিযোগ সামনে এসেছে।

এদিকে ‘ডিম থেরাপি’ বিতর্কের আবহে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের একটি মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। নদিয়ার হোগলবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে এফআইআর দায়ের হয়েছে।

গত ১৩ জুন কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে কয়েকজন মহিলাকে ডিম ও টমেটো হাতে অপেক্ষা করতে দেখা যায়। মহুয়ার অভিযোগ, তাঁরা বিজেপি সমর্থক এবং তাঁকে লক্ষ্য করেই সেখানে উপস্থিত ছিলেন।

এরপর একটি ভিডিও বার্তায় মহুয়া বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে এবং প্রয়োজন হলে আদালত বা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হবে। পরবর্তী আরেকটি ভিডিওতে তাঁর কিছু মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়েই বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক সংঘাতের নতুন প্রতীক হয়ে ওঠা ‘ডিম থেরাপি’ ইস্যু এখন আদালতের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। হাই কোর্ট এই বিষয়ে কী নির্দেশ দেয়, তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল ও প্রশাসনের।

Latest News

রাজ্য জয়েন্টে প্রথম কলকাতার শাশ্বত, সাফল্যের রহস্য কী জানেন?

কলকাতা: চলতি বছরের পরীক্ষার মাত্র ২৫ দিনের মধ্যেই প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) ২০২৬-এর ফল। এ বছর মেধাতালিকার...

More Articles Like This