33.9 C
Kolkata

কলকাতা পুরসভায় বাড়তে পারে ওয়ার্ড সংখ্যা! ডিলিমিটেশনের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Must Read

কলকাতা: কলকাতা পুরসভা এলাকায় কি এবার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন হতে চলেছে? সোমবার কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সফরেই সেই জল্পনা উসকে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্টভাবে বলেন, “আমাদের সকলেরই মনে হয়েছে ডিলিমিটেশন হওয়া উচিত।”

স্বচ্ছতা স্বাগত অভিযান কর্মসূচিতে যোগ দিতে এদিন পুরসভায় যান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ভোটার ও বুথ সংখ্যার ব্যাপক তারতম্যের প্রসঙ্গ তুলে ধরেন।

আরও পড়ুন: জনকল্যাণ শিবিরে গিয়ে ফিরছেন খালি হাতে! বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, CAA-সহ একাধিক পরিষেবা না মেলায় ক্ষোভ সাধারণ মানুষের

শুভেন্দু অধিকারী বলেন, “আমি ভবানীপুরে নির্বাচন লড়েছি। সেখানে দেখেছি কোনও ওয়ার্ডে ৪৯টি বুথ রয়েছে, আবার কোথাও ১৫-১৬টি বা ২০টি বুথ। ৮২ নম্বর ওয়ার্ড অত্যন্ত বড়। এই অসামঞ্জস্য দূর করতে ডিলিমিটেশন প্রয়োজন বলে মনে হয়েছে।”

তিনি জানান, বিজেপি নেতা তাপস রায়, অগ্নিমিত্রা পল ও স্বপন দাশগুপ্ত-সহ কলকাতার রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই এই মত তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “ডিলিমিটেশন করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবে। যাদের কাজ, তারাই করবে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে কলকাতা পুরসভায় প্রশাসনিক অচলাবস্থা রয়েছে। তাঁর দাবি, আইন মেনে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুর বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই কারণেই আগামী ছয় মাসের মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিনের অনুষ্ঠানে তৃণমূলের একাধিক বর্তমান ও প্রাক্তন জনপ্রতিনিধিকে দেখা যায়। উপস্থিত ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস, অসীম বসু, দেবাশিস কুমার এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা ও কসবার বিধায়ক জাভেদ খান।

রাজনৈতিক মহলের মতে, পুরভোটের আগে ডিলিমিটেশনের প্রসঙ্গ তোলায় কলকাতার ওয়ার্ড সংখ্যা ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This