27.1 C
Kolkata

ভারতীয় ক্রিকেটে ফিরছে ‘দ্রাবিড় সভ্যতা’? জাতীয় দলে ডাক পেলেন রাহুলপুত্র অন্বয় দ্রাবিড়

Must Read

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) আবারও শোনা যাচ্ছে দ্রাবিড়ের নাম। একসময় যিনি ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন, সেই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) উত্তরসূরি হিসেবে এবার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পেলেন তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড় (Anvay Dravid)। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল (India U19 Cricket Team), আর সেই দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ১৭ বছর বয়সি ডানহাতি ব্যাটার।

ক্রিকেট পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে বেড়ে ওঠা অন্বয় এবং তাঁর দাদা সমিত দ্রাবিড় দু’জনেই বয়সভিত্তিক ক্রিকেটে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছেন। কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার জাতীয় দলের ডাক পেলেন অন্বয়।

সম্প্রতি বিনু মাঙ্কাড ট্রফিতে কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শুধু নেতৃত্বই নয়, ব্যাট হাতেও নজর কেড়েছেন তরুণ এই ক্রিকেটার। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ছয় ইনিংসে ২২০ রান সংগ্রহ করেন অন্বয়। এর মধ্যে হিমাচলের বিরুদ্ধে তাঁর অপরাজিত ৮২ রানের ইনিংস বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: কোনও সাবস্ক্রিপশন নয়, ফ্রি’তেই দেখুন বিশ্বকাপ! খেলা শুরুর আগেই জেনে নিন সহজ উপায়

অন্বয়ের খেলার ধরনে বাবার ছাপও খুঁজে পাচ্ছেন অনেকে। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি উইকেটকিপিংও করেন। ফলে দলে তাঁর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শ্রীলঙ্কা সফরেই প্রথমবার ভারতের জার্সিতে আন্তর্জাতিক পর্যায়ে মাঠে নামার সুযোগ পেতে চলেছেন তিনি।

আগামী ৪ জুলাই শুরু হবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফর। সফরে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। যদিও লাল বলের স্কোয়াডে অন্বয়ের নাম নেই, তবুও ওয়ানডে দলে সুযোগ পাওয়া তাঁর ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, অন্বয়ের আগেই জাতীয় দলের দরজায় কড়া নেড়েছিলেন তাঁর দাদা সমিত দ্রাবিড়। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ সিরিজের সাদা ও লাল বলের দুই দলেই সুযোগ পেয়েছিলেন সমিত। কিন্তু হাঁটুর চোটের কারণে মাঠে নামা হয়নি তাঁর। তবুও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে তিনি এখনও জাতীয় নির্বাচকদের নজরে রয়েছেন।

আরও দুই বছর পর অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই লক্ষ্য সামনে রেখেই ভারতীয় দলের প্রস্তুতি শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফর থেকে। ক্রিকেটপ্রেমীদের আশা, বাবার মতোই ধৈর্য, শৃঙ্খলা এবং দায়িত্বশীল ব্যাটিংয়ের ঐতিহ্য বহন করে ভারতীয় ক্রিকেটে নিজের আলাদা পরিচয় গড়ে তুলবেন অন্বয় দ্রাবিড়।

দেখুন আরও খবর:

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This